গত বছর ছবিটি সারা দেশে মুক্তি পেলেও পশ্চিমবঙ্গে তা প্রদর্শিত হতে পারেনি। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (The Bengal Files Kolkata Release) অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৎকালীন সরকারের অঘোষিত নিষেধাজ্ঞার কারণে হল মালিকরা ছবিটি চালাতে ভয় পাচ্ছিলেন। এবার দীর্ঘ টানাপড়েন আর বিতর্কের অবসান। অবশেষে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বিবেক অগ্নিহোত্রীর বহু চর্চিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’। সব ঠিক থাকলে আগামী শুক্রবার থেকেই কলকাতার সিনেমা হলে দেখা যাবে এই ছবি।
ছবিটির মুক্তি ঘিরে গত বছর সেপ্টেম্বর মাস থেকেই রাজ্যে দফায় দফায় বিতর্ক তৈরি হয়েছিল। পরিচালকের অভিযোগ ছিল, এক প্রকার ‘অঘোষিত নিষেধাজ্ঞা’র জেরে বাংলায় ছবিটি প্রদর্শিত হতে পারেনি। বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির অভাবনীয় সাফল্যের পরই এই ছবি মুক্তির পথ প্রশস্ত হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
পরিচালকের দাবি, আগের বার ছবিটির স্ক্রিনিং কার্যত আটকে দেওয়া হয়েছিল। সম্প্রতি এক পোস্টে তিনি অভিযোগ করেন, তাঁর আগের ছবি The Kashmir Files-এর মতোই ‘দ্য বেঙ্গল ফাইলস’-কেও হল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও আঙুল তোলেন তিনি, সমাজমাধ্যমে তিনি লেখেন, “আমাদের এই ছবির ট্রেলার লঞ্চ আটকে দেওয়া হয়েছিল, আক্রমণ করা হয়েছিল, এমনকি আমার বিরুদ্ধে ডজন ডজন এফআইআর করা হয়েছিল। আমি বাংলায় ‘ক্যানসেলড’ হয়ে গিয়েছিলাম। রাজ্যপালের হাত থেকে পুরস্কার নিতে পর্যন্ত যেতে পারিনি। কিন্তু আমরা হার মানিনি। নির্বাচনের সময় আমরা নিশ্চিত করেছি যাতে বাংলার মানুষের কাছে কোনওভাবে ছবিটি পৌঁছায়।”
টলিপাড়ার সিনে-পরিবেশক শতদীপ সাহা রাজ্য জুড়ে এই সিনেমা রিলিজের দায়ভার নিয়েছেন বলে খবর। তিনি জানিয়েছেন, “শুধুমাত্র কলকাতাতেই নয়, সমগ্র বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহের একটি তালিকা তৈরি করছি আমরা।” দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমাহলে প্রদর্শিত হতে চলেছে এই সিনেমা।











