সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ, তবে গরম একটুও কমেনি। অস্বস্তিকর পরিস্থিতি শহরজুড়ে। এই অবস্থায় আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কী জানাচ্ছে হাওয়া অফিস? (Weather Update)
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় আবহাওয়া বেশ খারাপ থাকতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে পাহাড় এবং সংলগ্ন এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে বৃষ্টির এই দাপট আগামী কয়েক দিন ধরেই চলতে পারে। আগামীকালও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুরে। এর ফলে পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থায় সাময়িক সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গেও আগামী চার থেকে পাঁচ দিন পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে না। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, প্রতিদিনই কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বিশেষ করে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে গরমের অস্বস্তি আরও বাড়তে পারে। সেখানে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম পুরোপুরি কমবে না বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি থাকবে। (Weather Update)
ভোটের দিনে বাড়িতেই নেই জাহাঙ্গির খান, তালা ঝুলিয়ে কোথায় গেলেন ‘পুষ্পা’?
কলকাতার আবহাওয়া
কলকাতাতেও আগামী কয়েক দিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। শহরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি মিলতে পারে। তাপমাত্রায় খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে কলকাতাবাসীর।
মৌসুমী বায়ু নিয়ে বড় আপডেট
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী বায়ু এই মুহূর্তে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সম্পূর্ণ অংশই ঘিরে রয়েছে এবং বঙ্গোপসাগরের কিছু অংশ পর্যন্তও বিস্তৃত রয়েছে। অর্থাৎ বর্ষা ধীরে ধীরে এগোতে শুরু করেছে। এর জেরেই আগামী দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।সব মিলিয়ে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (Weather Update)









