দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব, নিকাশি ব্যবস্থার বেহাল দশা এবং অবৈধ নির্মাণের সমস্যার প্রতিবাদে মঙ্গলবার বারুইপুর পৌরসভার সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন বিজেপির। বারুইপুর পশ্চিম ১ নম্বর মণ্ডলের উদ্যোগে এই বিক্ষোভে নেতৃত্ব দেন মণ্ডল সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।
বিজেপির অভিযোগ, পৌরসভার একাধিক ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই পানীয় জলের তীব্র সমস্যা রয়েছে। পাশাপাশি নিকাশি ব্যবস্থা ঠিকমতো না থাকায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জল জমে যায়। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে অবৈধ নির্মাণ চললেও পৌরসভার তরফে এই বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। (Protest in Baruipur)
তাঁদের দাবি, পৌরসভার উদাসীনতার কারণেই সাধারণ মানুষকে প্রতিদিন নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দ্রুত জল সরবরাহ স্বাভাবিক করা, নিয়মিত সাফাইয়ের ব্যবস্থা করা এবং অবৈধ নির্মাণ রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিজেপি কর্মী-সমর্থকরা।
এদিন বারুইপুর পশ্চিম ১ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি গৌতম চক্রবর্তী বলেন, ‘বারুইপুর পৌরসভার পৌরপিতারা ইচ্ছাকৃতভাবে জল দিচ্ছে না। ১৫ দিন আগে জানানো হয়েছে তখন বলা হয়েছিল পাম্প খারাপ, দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু ১৭ দিন হয়ে গেছে কোনও কাজ হয়নি। এমনকী এলাকার আবর্জনা ও ঠিকঠাক মতো পরিষ্কার হয় না বলে দাবি মণ্ডল সভাপতির। এদিন ক্ষোভের মঞ্চ থেকে বলা হয়েছে, আগামী তিনদিনের মধ্যে যদি পৌরসভা কাজ না করতে পারে তাহলে বারুইপুরবাসীর ঘরের আবর্জনা সেই পৌরপিতাদের বাড়িতে গিয়ে ফেলে আসবে।’ (Protest in Baruipur)
অন্যদিকে জেলা কমিটির সদস্য পায়েল ধর বলেন, ‘রাজ্যে নতুন সরকার আসার পরে বাড়িতে পৌরসভার তরফে যে দল পাওয়া যেত তা বন্ধ হয়ে গেছে। নিকাশি ব্যবস্থা খারাপ হয়ে গিয়েছে। এলাকার ময়লা আবর্জনা ঠিকমতো পরিষ্কার হচ্ছে না। সাধারণ মানুষ কোন পরিষেবার জন্য এলে কাউন্সিলর এর কাছ থেকে কোনও পরিষেবা পাচ্ছে না। এভাবে জলহীন ভাবে মানুষ বাঁচতে পারবে না । অবিলম্বে জলের পরিষেবা ঠিক করতে হবে, একই সঙ্গে বিদ্যুতের যে সমস্যা তৈরি হয়েছে, সেটাও ঠিক করার দাবিতেই আজকের এই আন্দোলন।’
তৃণমূল ভাঙাচ্ছেন ঋতব্রত? বিধানসভা ঢোকার মুখেই যা জানালেন…
এদিন বিক্ষোভ কর্মসূচি শেষে বিজেপি নেতৃত্ব পৌর কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপিও তুলে দেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তাঁরা।
অন্যদিকে, এই প্রসঙ্গে বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস বলেন, ‘প্রতিবছর গরমের সময় জলস্তর নীচে নেমে যাওয়ায় কিছু ওয়ার্ডে জলের সমস্যা দেখা দেয়। এছাড়া পি এইচ ই-র নোদাখালী থেকে যে জল সরবরাহ করা হয়, তাও দু’দিন বন্ধ ছিল। তবে আজ থেকে সেই জল আবার স্বাভাবিকভাবে আসতে শুরু করেছে। আমরা খুব দ্রুত এই সমস্যা কাটিয়ে উঠতে পারব বলে আশা করছি।’ (Protest in Baruipur)











