আকাশ জুড়ে মেঘের আনাগোনা। কোথাও হালকা বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের আবহাওয়ার ছবিটা আজও এমনই থাকতে পারে। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতেও দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। (Weather Update)
কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা
কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে রবিবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি কম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। কিছুটা বাড়তে পারে তাপমাত্রাও। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৪ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৪০.৭ মিলিমিটার। (Weather Update)
শনিবার থেকে কমবে ভারী বৃষ্টি
দক্ষিণবঙ্গে শনিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না। তবে বিভিন্ন জেলায় দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।
উত্তরে এখনও বৃষ্টির দাপট
উত্তরবঙ্গেও আপাতত স্বস্তি নেই। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শনিবার কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে। (Weather Update)
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ
উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন এলাকা থেকে সরে নিম্নচাপটি এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেটি কিছুটা দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। হরিয়ানা থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা এই নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে সেই অক্ষরেখা।
সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের
আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। সমুদ্র উত্তাল থাকতে পারে। ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্রে। (Weather Update)











