বৃষ্টির মেঘে আজও ঢেকে যেতে পারে আকাশ। কোথাও ঝমঝম করে নামবে বৃষ্টি, আবার কোথাও কয়েক মিনিটের মধ্যেই থেমে যাবে। সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও দমকা হাওয়া। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বরং আগামী কয়েক দিনে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা একেবারেই আলাদা। সেখানে আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update )
কলকাতায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া
কলকাতাতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নয়
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি হবে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সেই কারণে আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। আগামী চার-পাঁচ দিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। (Weather Update )
উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অন্য জেলাগুলিতেও দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update )
দক্ষিণ ছত্তিশগড়ে নিম্নচাপ
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি এখন দক্ষিণ ছত্তিশগড়ের উপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সালমীর থেকে ওড়িশার গোপালপুর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতির জেরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।(Weather Update )










