---Advertisement---

‘রাউলাট আইনের ২০২৬ সংস্করণ’ বলে কটাক্ষ, রাজ্য সরকার প্রস্তাবিত নতুন আইনের বিরোধিতার ডাক কুণালের

June 27, 2026 4:52 PM
Kunal Ghosh
---Advertisement---

খুব বেশি দেরি নেই, আর কয়েক দিনের মধ্যেই আসতে চলেছে রাজ্য সরকারের প্রস্তাবিত একাধিক নতুন আইন। তার মধ্যেই রয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল’। এই বিল নিয়েই এবার তীব্র আক্রমণ শানালেন ‘মমতাপন্থী’ তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর অভিযোগ, জননিরাপত্তার কথা বলে যে বিল আনা হচ্ছে, তা আইনে পরিণত হলে সেটি হবে ব্রিটিশ আমলের রাউলাট আইনের ২০২৬ সংস্করণ। তিনি জানান, বিধানসভার ভেতরে এবং বাইরে এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে ‘কালীঘাট তৃণমূল’।

কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি, প্রস্তাবিত বিলে ‘গুণ্ডা’ শব্দের নতুন ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাঁর আশঙ্কা, গুণ্ডা দমনের নামে এই আইনের অপব্যবহার করে চূড়ান্ত দমন-পীড়নের পথ খুলে যেতে পারে। এই আইন জারি হলে, যেকোনও কাউকেই ইচ্ছা মতো গ্রেফতার করে আটক করে রাখা যেতে পারে বলেও জানান তিনি। সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলটি পাশ না করানোর জন্য তিনি সরকার পক্ষের কাছে অনুরোধও জানান।

একইসঙ্গে এদিন তারাতলা কাণ্ড নিয়েও সরব হন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি স্মরণ করিয়ে দেন, বিধানসভায় মুখ্যমন্ত্রী নথি দেখিয়ে বলেছিলেন, সেখানে প্রাক্তন মেয়রের স্বাক্ষর রয়েছে এবং তিনি ঘোষণা করেছিলেন, কাউকে ছাড়া হবে না। তবে শুধু নীচুতলার কয়েকজনকে গ্রেফতার করলেই দায়িত্ব শেষ হবে না বলেও মন্তব্য করেন কুণাল।তিনি বলেন, যদি প্রমাণিত হয় যে ফিরহাদ হাকিম এই ঘটনায় জড়িত এবং তাঁর স্বাক্ষরে কোনও অন্যায় হয়ে থাকে, তাহলে তাঁকেও গ্রেফতার করা উচিত। কুণালের কথায়, বিকেল ৫ টার মধ্যে যদি ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হয়, তাহলে বুঝব মুখ্যমন্ত্রী ন্যায়বিচারের কথা রেখেছেন। আর যদি সন্ধ্যায় দেখা যায় নতুন গজিয়ে ওঠা তৃণমূলদের বৈঠকে ফিরহাদ উপস্থিত আছেন, তাহলে বুঝতে হবে বিধানসভায় সেই কাগজ দেখানো হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক চাপ তৈরির উদ্দেশ্যে।

তিনি আরও দাবি করেন, “কালী, ববি হাকিমের লোক, এটা সকলেই জানে।” তবে একই সঙ্গে স্পষ্ট করেন, কালী-র কোনও অন্যায় কাজকে ক্যামাক স্ট্রিট কখনও সমর্থন করেনি, এখনও করে না।

অন্যদিকে, নতুন সরকারের সব বিষয়ে বিরোধিতা করাই লক্ষ্য নয় বলেও মন্তব্য করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি জানান, বিল্ডিং প্ল্যান অডিট চালুর প্রশ্নে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে রয়েছেন।

সম্প্রতি বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনায় থাকা বিধায়ক হুমায়ূন কবির-কে উদ্দেশ্য করেও সতর্কবার্তা দেন কুণাল। তিনি বলেন, এমন কোনও পদক্ষেপ করা উচিত নয়, যাতে আইন-শৃঙ্খলার অবনতি হয় বা বিজেপির রাজনৈতিক সুবিধা হয়। আইন ভঙ্গ করে কোনও কাজ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

তারাতলা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬, আশঙ্কাজনক অবস্থায় একাধিক আহত

এদিকে সামনেই ২১ জুলাই। তৃণমূল জামানায় প্রতিবছর এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করতেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ নিয়েও বার্তা দেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধর্মতলাতেই সমাবেশ হবে। দল ছেড়ে যাওয়া বিধায়ক ও সাংসদদের প্রসঙ্গে তাঁর দাবি, অনেকেই ব্যক্তিগত কারণে দল ছেড়েছেন, কিন্তু কর্মীরা তাঁদের সঙ্গে যাননি। কর্মীরা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। তাঁর কথায়, একটা ভোট আসলেই গাদ্দারদের জামানত জব্দ হবে।

শহীদ সমাবেশে সাধারণ মানুষের অংশগ্রহণ নিয়েও আবেগঘন বার্তা দেন কুণাল ঘোষ। তিনি বলেন, একটা রুটি আর আলুর তরকারি নিয়েই মানুষ শহিদ সমাবেশে আসবে। মানুষের টাকাতেই হবে এই শহীদ স্মরণ।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment