---Advertisement---

দু’ঘণ্টা টানা জেরা, রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি তদন্তে বড় পদক্ষেপ পুলিশের

June 30, 2026 4:46 PM
Ayodhya Ram Mandir
---Advertisement---

অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ। সেই তদন্তের অংশ হিসেবে সোমবার প্রায় দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক চম্পত রাইকে। তদন্তকারীরা মূলত মন্দিরে অনুদান কীভাবে সংগ্রহ করা হতো, কীভাবে সেই অর্থ গণনা করা হতো এবং পরে কীভাবে ব্যাঙ্কে জমা পড়ত, সেই গোটা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চম্পত রাইকে অনুদান পরিচালনার পুরো ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। তদন্তকারী বিশেষ দল (SIT) জানতে চেয়েছে, অনুদানের অর্থ গ্রহণ থেকে জমা পর্যন্ত কোন কোন নিয়ম অনুসরণ করা হতো এবং সেই প্রক্রিয়ার দায়িত্বে কারা ছিলেন। তদন্তের স্বার্থে ট্রাস্টের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ পদাধিকারীকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

এই মামলার সূত্রপাত হয় মন্দিরের অনুদানের অর্থে বড়সড় আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসার পর থেকেই। অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ সরকার একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে। তদন্তে উঠে আসে, অনুদান গণনার সময় একাধিক ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তা বিধি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) মানা হয়নি। গণনাকক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, সিসিটিভি ফুটেজ নির্ধারিত সময়ের তুলনায় অনেক কম দিন সংরক্ষণ করা হয়েছে এবং অনুদান বাক্সের দেখভালের ক্ষেত্রেও একাধিক অনিয়মের অভিযোগ মিলেছে।

এই তদন্তের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে এবং অনুদান গণনার কাজে যুক্ত আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি অযোধ্যা পুলিশ জানতে পেরেছে অভিযুক্তদের পাঁচজনই একই পাড়ার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা নগদ অর্থ এবং কিছু বিদেশি মুদ্রাও উদ্ধার হয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। বর্তমানে ওই অভিযুক্তদের গত পাঁচ বছরের সাতটি ব্যাঙ্কের হিসাবও খতিয়ে দেখা হচ্ছে, যাতে অর্থের লেনদেন সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যায়। (Ayodhya Ram Mandir)

ইউটিউব দেখে বাড়িতেই সন্তান প্রসব, তামিলনাড়ুতে অন্তঃসত্ত্বার মর্মান্তিক মৃত্যু

এদিকে, তদন্ত যাতে নিরপেক্ষভাবে এগোতে পারে, সেই কারণ দেখিয়ে কয়েক দিন আগেই চম্পত রাই এবং ট্রাস্টের সদস্য অনিল মিশ্র তাঁদের পদ থেকে ইস্তফা দেন। ট্রাস্ট জানিয়েছে, তাঁদের পদত্যাগপত্র পরবর্তী বৈঠকে বিবেচনা করা হবে। একই সঙ্গে ট্রাস্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মন্দিরে ভক্তদের দেওয়া সমস্ত অনুদান, রুপোর বার, গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী সম্পূর্ণ নিরাপদ রয়েছে। ঘটনায় তারা দোষীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে বলেও জানিয়েছে।

অন্যদিকে, বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবি তুলেছে। তাঁদের অভিযোগ, শুধুমাত্র নিম্নস্তরের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, প্রয়োজনে ট্রাস্টের শীর্ষ পদাধিকারীদের ভূমিকাও খতিয়ে দেখা উচিত। যদিও উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবে চলছে এবং যার বিরুদ্ধে প্রমাণ মিলবে, তার বিরুদ্ধেই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। (Ayodhya Ram Mandir)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment