আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বীরভূমের অবৈধ খাদান, রাজস্ব ফাঁকি এবং চলতি তদন্ত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান, পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং জেলা পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর বিভিন্ন ধারায় তদন্ত চালাচ্ছে। বীরভূমের পুলিশ সুপার ও তাঁর টিমের কাজের প্রশংসা করে তিনি বলেন, DGP ও সারাক্ষণ তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং নিয়মিত রিপোর্ট নিচ্ছেন। (Suvendu Adhikary)
পাঁচজনের বিরুদ্ধে পদক্ষেপ, তদন্তে জোর
মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত পিনাকী দে ও প্রধান হিসাবরক্ষক মিনার মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সহকারী হিসাবরক্ষক রাকিবুল ইসলাম, পেট্রোল পাম্পের ম্যানেজার কাউসার-সহ মোট পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে অপরাধের প্রমাণ মিললে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। (Suvendu Adhikary)
৩০০ বিঘা জমি ও ২৪২টি গাড়ি বাজেয়াপ্ত
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, অভিযানে প্রায় ৩০০ বিঘা জমি, ৮৩ টি ট্রাক এবং ট্রাক, ডাম্পার, ব্যক্তিগত গাড়ি, BMW, অডি-সহ মোট ২৪২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর অভিযোগ, এটি একটি বড় সংগঠিত চক্র। শুধু একটি জেলা থেকেই বছরে প্রায় ১,০০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে এবং গত ১৫ বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এই চক্রের মূল সুবিধাভোগীদেরও খুঁজে বের করার আশ্বাস দেন।(Suvendu Adhikary)
শুভেন্দুর অভিযোগ ও রাজস্ব বৃদ্ধির দাবি
শুভেন্দু অধিকারী দাবি করেন, এত বড় দুর্নীতির চক্র সরকারের সর্বোচ্চ স্তরের মদত ছাড়া চলতে পারে না। তাঁর অভিযোগ, ভূমি দফতর, রেজিস্ট্রি অফিস, মোটর ভেহিকলস, স্থানীয় প্রশাসন-সহ একাধিক স্তরে যোগসাজশ ছিল। পাশাপাশি তিনি জানান, বর্তমান সরকারের অভিযানের ফলে রাজ্যের রাজস্ব আদায় বেড়েছে। অর্থ দফতরের তথ্য উল্লেখ করে তাঁর দাবি, সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের তুলনায় ইতিমধ্যেই রাজস্ব আয় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং অর্থবর্ষের শেষে তা ২০ শতাংশে পৌঁছতে পারে।
জঙ্গি সন্দেহে গ্রেফতার ও সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গ
এসটিএফ (STF) র হাতে এক সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত এবং আন্তর্জাতিক যোগাযোগের দিকও রয়েছে। তাই তদন্তের স্বার্থে তিনি কোনও মন্তব্য করতে চাননি। STF ই এই বিষয়ে বিস্তারিত জানাবে বলে জানান তিনি। (Suvendu Adhikary)
আরও পড়ুন :- ভিওয়ান্ডিতে বহুতল ধস, মৃত ৯; নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা মোদির












3 thoughts on “বীরভূম কাণ্ডে ৩০০ বিঘা জমি ও ২৪২টি গাড়ি বাজেয়াপ্ত, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী”