ভারতীয় ফুটবলের দলবদলের বাজারে বড়সড় চমক সবুজ মেরুন শিবিরে। দেশের অন্যতম সেরা ও দ্রুতগতির উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতেকে তিন বছরের চুক্তিতে দলে নিল মোহনবাগান। ভারতীয় জাতীয় দলের এই অভিজ্ঞ প্লেয়ারের আগমনে মোহনবাগানের মাঝমাঠ যে আরও শক্তিশালী হলো, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
মিজোরামের ২৯ বছর বয়সি ছাংতে ভারতীয় ফুটবলে ‘মিজো ফ্ল্যাশ’ নামেই বেশি পরিচিত। তাঁর অসাধারণ গতি, হঠাৎ দিক পরিবর্তন করে ডিফেন্ডারদের কাটিয়ে গোল করার দক্ষতা এবং সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষমতাই তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। দৌড়ের সময় তাঁর গতি ঘণ্টায় ৩৮ কিলোমিটারেরও বেশি পৌঁছে যায় বলেই এই বিশেষ নাম অর্জন করেছেন তিনি।
গত চার মরসুম ধরে মুম্বই সিটি এফসির জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ছাংতে। প্রতিপক্ষের রক্ষণভাগে বারবার ভাঙন ধরানোর পাশাপাশি নিয়মিত গোলও করেছেন। গত আইএসএল মরসুমে ১৩টি ম্যাচে তাঁর ঝুলিতে ছিল ৪টি গোল। সব মিলিয়ে মুম্বই সিটির হয়ে ৯১টি ম্যাচে ৩০টি গোল করেছেন তিনি। পাশাপাশি ক্লাবকে লিগ শিল্ড জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। (Lallianzuala Chhangte)
জাতীয় দলের জার্সিতেও ছাংতে সমানভাবে নির্ভরযোগ্য। ভারতের হয়ে এখনও পর্যন্ত ৫৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি এবং করেছেন ৯টি গোল। দেশীয় ও আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে খেললেও কলকাতার কোনও ক্লাবের হয়ে এই প্রথম খেলতে চলেছেন এই তারকা ফুটবলার।
চুক্তি স্বাক্ষরের পর মোহনবাগান সুপার জায়ান্টের মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ছাংতে জানান, ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল একদিন সবুজ-মেরুন জার্সি গায়ে চাপানোর। তাঁর কথায়, ভারতের প্রায় সব ফুটবলারের কাছেই মোহনবাগানের হয়ে খেলা এক স্বপ্ন। কলকাতায় যদি কখনও খেলেন, তবে মোহনবাগানের হয়েই খেলবেন—এই ইচ্ছা তাঁর অনেক দিনের। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় তিনি ভীষণ আনন্দিত।
ফিফার বিতর্কিত এফএফই প্রস্তাব ঘিরে বাড়ছে বিরোধিতা, উয়েফা-কনকাকাফের পর সরব এএফসিও
তিনি আরও জানান, অন্য ক্লাব থেকেও প্রস্তাব ছিল। তবে দেশের ঐতিহ্য, সাফল্য এবং এশিয়ার ফুটবলে মোহনবাগানের পরিচিতির কারণেই তিনি সবুজ-মেরুনকে বেছে নিয়েছেন। মোহনবাগানের বিপক্ষে বহুবার মাঠে নেমেছেন ছাংতে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে গিয়ে সবুজ-মেরুন সমর্থকদের আবেগ ও উন্মাদনা কাছ থেকে দেখেছেন তিনি। তাঁর দাবি, ভারতের অন্য কোনও ক্লাবে এমন সমর্থন এবং আবেগ তিনি দেখেননি। (Lallianzuala Chhangte)
নতুন দলের শক্তি নিয়েও আশাবাদী ভারতীয় তারকা। তাঁর মতে, এ মরসুমে মোহনবাগান এমন একটি দল গড়েছে, যা সব ট্রফি জয়ের ক্ষমতা রাখে। নিজের পজিশনে মনবীর সিং ও লিস্টন কোলাসোর মতো ফুটবলার থাকায় প্রথম একাদশে জায়গা পাওয়ার লড়াই কঠিন হবে বলেও স্বীকার করেছেন তিনি।
কলকাতা ডার্বি নিয়ে নিজের উচ্ছ্বাসও লুকিয়ে রাখেননি ছাংতে। তিনি জানান, ছোটবেলা থেকেই টেলিভিশনে প্রায় সব কলকাতা ডার্বি দেখেছেন। গ্যালারিভর্তি দর্শক, তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং আবেগঘন পরিবেশ তাঁকে বরাবরই মুগ্ধ করেছে। তাঁর মতে, কলকাতা ডার্বি শুধু এশিয়ার নয়, বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম সেরা ম্যাচ এবং ভারতীয় ফুটবলের আইকনিক লড়াই।
সবুজ-মেরুন সমর্থকদের উদ্দেশে ছাংতের বার্তা, ডার্বি জেতার জন্য তিনি নিজের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত। তাঁর বিশ্বাস, বর্তমান দলটি শুধু ডার্বি নয়, মরসুমের সব ট্রফি জয়ের সামর্থ্য রাখে। নতুন অধ্যায়ে মোহনবাগানের জার্সিতে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ভারতের এই তারকা উইঙ্গার। (Lallianzuala Chhangte)












1 thought on “মোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’, তিন বছরের চুক্তিতে সবুজ-মেরুন শিবিরে ভারতের তারকা উইঙ্গার”