ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় তৃণমূল নেতা শওকত মোল্লার উপর চাপ আরও বাড়ল। শওকত মোল্লা-সহ চার অভিযুক্তের বিরুদ্ধে UAPA-র ১৬ ও ১৮ ধারা যুক্ত করার আবেদন জানাল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ NIA আদালতে এই আবেদন করা হয়। বিচারক অনুপম মাইতির এজলাসে NIA-র বিশেষ সরকারি কৌসুলি দেবাশিস মল্লিক চৌধুরি এই আর্জি জানান।
Shaokat Molla NIA: বিস্ফোরণের নেপথ্যে ‘বৃহত্তর ষড়যন্ত্র’-এর অভিযোগ
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে বোমা তৈরির সময় ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে একজনের মৃত্যু হয় এবং আরও একজন গুরুতর জখম হন। এই ঘটনার পর তদন্তে নেমে একাধিক সূত্র খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেখানেই শওকত মোল্লার নাম সামনে আসে বলে দাবি। পরে তাঁকে বাংলাদেশ সীমানার কাছ থেকে গ্রেফতার করা হয়।
NIA-র অভিযোগ, বোমা তৈরির কাজ শওকত মোল্লার নির্দেশেই চলছিল। তদন্তকারীদের দাবি, তাঁর মোবাইল ফোন থেকে এমন কিছু তথ্য উদ্ধার হয়েছে যেখানে বিস্ফোরণের পর পরিস্থিতি সামাল দেওয়া এবং পরবর্তী পদক্ষেপের নির্দেশ দেওয়ার ইঙ্গিত রয়েছে। এই তথ্যের ভিত্তিতেই তদন্তকারীদের অনুমান, ঘটনাটি নিছক বোমা বিস্ফোরণ ছিল না। এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে বলেও দাবি NIA-এর।
গ্রেফতার থেকে চার্জশিট, প্রধান অভিযুক্ত শওকতই
নির্বাচনের ফল প্রকাশের পর শওকত মোল্লাকে গ্রেফতারের জন্য তৎপর হয় NIA। পরে সোনারপুরের কামালগাজি সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও শওকতের পরিবারের দাবি ছিল, আত্মসমর্পণ করতে যাওয়ার সময়ই তাঁকে আটক করা হয়েছিল।এদিকে গ্রেফতারির ৮৭ দিনের মধ্যেই আদালতে চার্জশিট জমা দেয় NIA। সেই চার্জশিটে শওকত মোল্লাকেই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, বিস্ফোরণের ঘটনায় ধৃত চারজনের মধ্যে মূল চক্রান্তকারীদের অন্যতম ছিলেন শওকত।
নন্দলাল বসুর আঁকা যাদবপুরের ঐতিহ্যবাহী এমব্লেম, আসল অর্থ কী জানেন?
UAPA-র ধারা যুক্ত হলে বাড়বে মামলার গুরুত্ব
এবার সেই বিস্ফোরণের ঘটনার চার অভিযুক্তের বিরুদ্ধে UAPA-র ১৬ ও ১৮ ধারা যুক্ত করার আবেদন জানানোয় মামলাটি নতুন মাত্রা পেল। আদালত NIA-র আবেদন মঞ্জুর করলে মামলার আইনি পরিধি আরও বাড়তে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। পাশাপাশি তদন্তকারী সংস্থাও আরও বিস্তৃতভাবে ষড়যন্ত্রের দিকটি খতিয়ে দেখার সুযোগ পাবে। (Shaokat Molla NIA)
আর এর ফলে ভাঙড় বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার বিরুদ্ধে আইনি চাপ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। এখন বিশেষ NIA আদালত UAPA-র ধারা যুক্ত করার আবেদনের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর সকলের।








