চেয়ারে বসার আগেই সাদা তোয়ালে সরিয়ে দিলেন মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর কমিশনার তথা আইএএস আধিকারিক তুকারাম মুন্ডে। একটি সাংবাদিক বৈঠকের ভিডিয়ো ঘিরে এখন সরগরম সমাজমাধ্যম। ছোট্ট এই কাজকেই অনেকেই দেখছেন ‘VIP সংস্কৃতি’র বিরুদ্ধে বার্তা হিসেবে।(Tukaram Mundhe)
ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাংবাদিক বৈঠকে বসতে এসে নিজের চেয়ারে রাখা সাদা তোয়ালে দেখতে পান মুন্ডে। এরপর তিনি নিজেই সেটি সরিয়ে দেন। তারপর চেয়ারে বসেন। কয়েক সেকেন্ডের এই দৃশ্যই ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে।
‘VIP’ সংস্কৃতির বিরুদ্ধে বার্তা?
ভারতের সরকারি দফতরে আধিকারিকদের চেয়ার কিংবা গাড়ির আসনে সাদা তোয়ালে রাখার চল বহুদিনের। অনেকের মতে, এটি ঔপনিবেশিক সময় থেকে চলে আসা ক্ষমতা ও ‘VIP’ মর্যাদার একটি প্রতীক। সরকারি অর্থে এমন আয়োজন নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। (Tukaram Mundhe)
তুকারাম মুন্ডে চেয়ার থেকে তোয়ালে সরিয়ে দেওয়ার ঘটনাকে তাই অনেকেই সাধারণ জীবনযাপনের বার্তা হিসেবে দেখছেন। তাঁদের মতে, একজন সরকারি আধিকারিকের পরিচয় তাঁর পদমর্যাদার প্রতীকে নয়, কাজেই। (Tukaram Mundhe)
প্রশংসায় নেটদুনিয়া
ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই প্রশংসায় মুখর হন নেটিজেনরা। অনেকেই তাঁর এই আচরণকে সরলতা ও দায়িত্ববোধের উদাহরণ হিসেবে দেখেছেন। এক নেটিজেন লেখেন, “প্রত্যেক মা চাইবেন, এমন একজন সত্যিকারের নায়ক যেন তাঁর সন্তান হয়।” (Tukaram Mundhe)
অন্য এক জনের মন্তব্য, “তিনি এমন এক সরকারি আধিকারিক, যিনি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন।” আরও এক নেটিজেন লেখেন, “কোনও ভিআইপি ট্রিটমেন্ট নয়, দারুণ!”(Tukaram Mundhe)
একটি অ্যাকাউন্ট থেকে মুন্ডেকে সম্মান জানিয়ে লেখা হয়, “জয় হিন্দ। স্যারকে কুর্নিশ। একজন সৈনিকের পক্ষ থেকে আপনাকে অসীম সম্মান ও শ্রদ্ধা।”
সামান্য একটি আচরণই ফের আলোচনায় নিয়ে এসেছে তুকারাম মুন্ডের কাজের ধরন। ‘বাবু সংস্কৃতি’র বদলে সাধারণভাবে কাজ করার বার্তাই যেন উঠে এসেছে এই ভিডিয়োয়।
আরও পড়ুন :- মহারাষ্ট্রের বিধায়কের ব্যক্তিগত সহকারীর মেয়ের রহস্যজনক মৃত্যু, বাড়ির কাছেই দেহ উদ্ধার













3 thoughts on “VIP সংস্কৃতিতে ‘না’, সাদা তোয়ালে সরিয়ে ভাইরাল IAS অফিসার তুকারাম মুন্ডে”