---Advertisement---
lifezone nursing home

Anders Antonsen: ফের বিশ্বমঞ্চে নাক কাটল দিল্লির, দূষণের জন্য টুর্নামেন্ট বয়কট আন্তর্জাতিক তারকার

January 14, 2026 5:05 PM
Anders Antonsen
---Advertisement---

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা ডেনমার্কের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় অ্যান্ডার্স অ্যান্টোনসেন (Anders Antonsen) টানা তৃতীয় বছরের জন্য ইন্ডিয়া ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন। তাঁর সিদ্ধান্তের কারণ একটাই—দিল্লির ভয়াবহ বায়ুদূষণ। এই সিদ্ধান্ত ঘিরে ফের আন্তর্জাতিক স্তরে আলোচনায় উঠে এল রাজধানীর পরিবেশগত সংকট।

ইন্ডিয়া ওপেন সুপার ৭৫০ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়ে অ্যান্টোনসেন স্পষ্ট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ব্যাডমিন্টনের মতো উচ্চমাত্রার শারীরিক পরিশ্রমের খেলা আয়োজন করা মোটেই নিরাপদ নয়। দূষিত বাতাসে খেললে খেলোয়াড়দের স্বাস্থ্যের গুরুতর ঝুঁকি তৈরি হয় বলেই তাঁর মত। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, দিল্লির বাতাসের মান দেখে তাঁর মনে হয়েছে সেখানে প্রতিযোগিতা হওয়া উচিত নয়। যদিও তিনি ভারতীয় ব্যাডমিন্টন ভক্তদের প্রতি সম্মান জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর কাছেও সহজ ছিল না।

২০২৩ সালে শেষবার ইন্ডিয়া ওপেনে খেলেছিলেন অ্যান্টোনসেন। এরপর গত তিন বছর ধরেই দূষণের কারণ দেখিয়ে তিনি এই টুর্নামেন্ট এড়িয়ে চলছেন। চলতি বছরও একই কারণে তিনি ভারতে আসেননি। নিয়ম অনুযায়ী, চোট বা গুরুতর শারীরিক সমস্যা ছাড়া ওয়ার্ল্ড ট্যুর ৭৫০ ইভেন্টে টপ কমিটেড প্লেয়ারদের অংশগ্রহণ বাধ্যতামূলক। সেই নিয়ম ভাঙার ফলে এবার তাঁকে ৫ হাজার মার্কিন ডলার জরিমানাও গুনতে হয়েছে।

বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন (BWF) সূত্রে জানা গিয়েছে, অ্যান্টোনসেন শারীরিক সমস্যার কথা উল্লেখ করে সরে দাঁড়ানোর আবেদন করেছিলেন এবং তাঁর অ্যাজমা রয়েছে বলেও জানান। তবে নাম প্রত্যাহার করলেও নিয়ম অনুযায়ী ইভেন্টের মিডিয়া ও প্রোমোশন কার্যক্রমে অংশ নেওয়ার কথা ছিল তাঁর, যা না করায় জরিমানা করা হয়।

দিল্লির দূষণ নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদদের মধ্যে তীব্র সমালোচনা চলছে। এবার আন্তর্জাতিক ব্যাডমিন্টন তারকার এই সিদ্ধান্ত সেই উদ্বেগকে আরও জোরালো করল। তবে অ্যান্টোনসেন আশাবাদী, আগামী আগস্টে দিল্লিতে আয়োজিত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আগে পরিস্থিতির উন্নতি হবে এবং পরিবেশগত সমস্যাগুলি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment