মহিলাদের সাজতে একটু বেশি সময় লাগে—এই চেনা ছবিটা অমিতাভ বচ্চনের বাড়িতেও রয়েছে। স্ত্রী জয়া বচ্চনকে অনুষ্ঠানে যাওয়ার জন্য সময়মতো তৈরি করাতে তাই ‘টাইম ম্যানেজমেন্ট’-এর মজার ফন্দি বের করেছেন বিগ বি। আসল সময়ের আগেই জয়াকে জানিয়ে দেন অন্য সময়। আর তাতেই নির্ধারিত সময়ের আগেই তৈরি হয়ে যান জয়া। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে নিজের দাম্পত্য জীবনের এমনই এক মজার অভিজ্ঞতা ভাগ করে নিলেন অমিতাভ বচ্চন। (Amitabh Bachchan)
জয়ার জন্য বদলে দেন অনুষ্ঠানের সময়
অনুষ্ঠানে এক প্রতিযোগী অমিতাভকে প্রশ্ন করেন, কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে জয়া তৈরি হওয়ার সময় তিনি কখনও অপেক্ষা করেন কি না। প্রশ্নটি শুনে অমিতাভ জানান, সময়মতো পৌঁছনোর জন্য তিনি একটি সহজ কৌশল মেনে চলেন। অমিতাভ বলেন, ধরুন সন্ধ্যা ৬টায় কোনও বিয়েবাড়িতে যাওয়ার কথা। সেক্ষেত্রে তিনি জয়াকে বলেন, বরযাত্রী সন্ধ্যা ৫টায় আসবে। ফলে জয়া অনেক আগেই তৈরি হওয়া শুরু করেন। সাধারণত বিকেল সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে তাঁর সাজগোজ শুরু হয়ে যায়। তাই নির্ধারিত সময়ের মধ্যেই তাঁরা অনুষ্ঠানে পৌঁছে যেতে পারেন। (Amitabh Bachchan)
দেরি হলে কী করেন জয়া?
এর আগেও ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে স্ত্রীকে নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল অমিতাভকে। এক প্রতিযোগী তাঁর কাছে জানতে চেয়েছিলেন, তিনি বাড়ি ফিরতে দেরি করলে জয়া রেগে যান কি না। তাতে অমিতাভ জানান, কাজের কারণে দেরি হলে আগে থেকেই পরিবারকে জানিয়ে দেন তিনি। শুটিং থাকলে এবং রাতে ফিরতে হলে পরিবারের গ্রুপে মেসেজ করেন। সেই সঙ্গে বলে দেন, তাঁর জন্য যেন রাতের খাবারের অপেক্ষা না করা হয়।
১৯৭১ সালে প্রথম দেখা
অমিতাভ জানান, আগে থেকে জানিয়ে রাখলে বাড়িতে কোনও সমস্যা হয় না। কিন্তু না জানিয়ে দেরি করে ফিরলে জয়া তাঁকে প্রশ্ন করেন, কোথায় ছিলেন এবং কেন আগে জানাননি। এমন পরিস্থিতিতে জয়া তাঁর জন্য অপেক্ষাও করেন না। নিজের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
প্রসঙ্গত, অমিতাভ ও জয়ার প্রথম দেখা হয়েছিল ১৯৭১ সালে ‘গুড্ডি’ ছবির কাজের সময়। দু’বছর পর, ১৯৭৩ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের দুই সন্তান। মেয়ে শ্বেতা বচ্চন এবং ছেলে অভিষেক বচ্চন। (Amitabh Bachchan)











