অনেকেই পুরোনো নোট জমা করতে ভালোবাসেন। বিভিন্ন রং, নকশার নোটগুলির বাহ্যিক রূপই হোক বা এর পিছনে থাকা গল্প, সবই কিন্তু বেশ অভিনব। এমনই এক গল্প রয়েছে পুরোনো ১০ টাকার নোটের পিছনেও। বহুবার আমাদের হাতে সেই নোট ঘুরেফিরে এসেছে। কিন্তু কখনও কি খেয়াল করেছেন, পুরনো ১০ টাকার নোটের পিছনে থাকা হাতি, গন্ডার আর হরিণের ছবিগুলির দিকে? তিনটি প্রাণী পাশাপাশি কেন রাখা হয়েছিল, তা অনেকেরই অজানা। আসলে এই ছবিগুলির পিছনে লুকিয়ে ছিল ভারতের প্রকৃতি, বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের এক ছোট্ট গল্প।
পুরনো ১০ টাকার নোটের পিছনের দিকে দেখা যায় একটি হাতি, একটি একশৃঙ্গ গন্ডার এবং একটি হরিণ। প্রথম দেখায় তিনটি প্রাণীর মধ্যে বিশেষ কোনও যোগসূত্র না থাকলেও, আসলে তিনটিই ভারতের সমৃদ্ধ প্রাকৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে জায়গা পেয়েছিল।
Old 10 Rupees Notes: গন্ডারের ছবিতে লুকিয়ে অসমের গল্প
এই তিন প্রাণীর মধ্যে গন্ডারটির সঙ্গে সরাসরি যোগ রয়েছে অসমের বিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যানের। কাজিরাঙা গোটা বিশ্বে একশৃঙ্গ গন্ডারের জন্য বিশেষভাবে পরিচিত। তাই পুরনো ১০ টাকার নোটে গন্ডারের ছবি ভারতের বন্যপ্রাণীর বৈচিত্র্যের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের কথাও মনে করিয়ে দিত।
অন্যদিকে, হাতি শুধু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী নয়, দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে থাকা একটি প্রাণী। ভারতীয় হাতিকে জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। বনাঞ্চলের পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও হাতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আর হরিণ? ভারতের বিভিন্ন বনাঞ্চল এবং সংরক্ষিত অরণ্যে হরিণের নানা প্রজাতির দেখা মেলে। বনভূমির বাস্তুতন্ত্রেরও গুরুত্বপূর্ণ অংশ তারা। ফলে হাতি, গন্ডার ও হরিণ—এই তিন প্রাণীকে একসঙ্গে রেখে ভারতের বন ও বন্যপ্রাণীর একটি সামগ্রিক ছবি তুলে ধরা হয়েছিল।
UPI-তে টাকা পাঠালেই চার্জ কাটবে? জেনে নিন সরকারি নির্দেশ
শুধু টাকা নয়, দেশের পরিচয়ও বহন করে নোট
আসলে ভারতীয় নোটের নকশায় শুধু টাকার মূল্য বা নিরাপত্তার বিষয়ই থাকে না। দেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, স্থাপত্য এবং প্রাকৃতিক সম্পদের নানা প্রতীকও বিভিন্ন সময়ে নোটে জায়গা পেয়েছে। সেই দিক থেকে দেখলে পুরনো ১০ টাকার নোটের পিছনে থাকা এই তিন প্রাণী ছিল ভারতের প্রাকৃতিক ঐশ্বর্যের এক ধরনের ছোট্ট প্রদর্শনী। (Old 10 Rupees Notes)
তবে সময়ের সঙ্গে নোটের নকশাতেও বদল এসেছে। ২০১৮ সালে নতুন সিরিজের ১০ টাকার নোট চালু হওয়ার পর সেই পুরনো নকশা আর রাখা হয়নি। নতুন ১০ টাকার নোটের পিছনে হাতি, গন্ডার ও হরিণের বদলে জায়গা পেয়েছে ওড়িশার বিখ্যাত কোণার্ক সূর্য মন্দির। তবে নতুন নোট এলেও পুরোনো ১০ টাকার নোট কিন্তু এখনও সচল। সেই নোট এবার হাতে পেলে অবশ্যই একবার দেখবেন নোটের পিছনের নকশা। যে নকশা বহন করে ভারতের প্রাকৃতিক ঐতিহ্যের একটি গল্প।










