কলকাতার মেট্রো স্টেশনের নাম নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা। মহানায়ক উত্তমকুমার থেকে নেতাজি ভবন—একাধিক স্টেশনের নাম বদলে সংশ্লিষ্ট এলাকার নামে করার প্রস্তাব সামনে এসেছে। এই প্রস্তাব দিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। তবে এখনই কোনও স্টেশনের নাম বদল হচ্ছে না। বিষয়টি এখনও প্রস্তাবের পর্যায়েই রয়েছে। কিন্তু নিজের প্রস্তাবের ভিত্তিতে একাধিক সমর্থন পেয়েছেন বলে জানিয়েছেন তথাগত রায়।
উল্লেখ্য, কলকাতা মেট্রোর বেশ কিছু স্টেশনের নাম রয়েছে বিশিষ্ট ব্যক্তিত্বদের নামে। মহানায়ক উত্তমকুমার, হেমন্ত মুখোপাধ্যায়, জ্যোতিরিন্দ্র নন্দী, গৌরকিশোর ঘোষের মতো মনীষীদের নাম রয়েছে সেই তালিকায়। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর টালিগঞ্জ মেট্রো স্টেশনের নাম বদলে রাখা হয়েছিল ‘মহানায়ক উত্তমকুমার’। এবার সেই নাম ফের বদলে হবে ‘টালিগঞ্জ’?
Kolkata Metro Station Name Change: সমাজমাধ্যমে নাম বদল নিয়ে বার্তা নেতার
তথাগত রায়ের বক্তব্য, মেট্রো স্টেশনগুলির নাম বিশিষ্ট ব্যক্তিদের বদলে ভৌগোলিক এলাকার নামে রাখা হলে যাত্রীদের জন্য জায়গা চেনা সহজ হবে। তাঁর দাবি, এই ভাবনার পক্ষে ইতিমধ্যেই ব্যাপক সমর্থন পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি আরও দাবি করেছেন, আগের নামগুলির অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বদল করা হয়েছিল এবং এর ফলে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল।
শুধু মহানায়ক উত্তমকুমার স্টেশন নয়, ‘নেতাজি ভবন’ মেট্রো স্টেশনের নাম নিয়েও আপত্তি রয়েছে তথাগত রায়ের। তাঁর যুক্তি, ভবানীপুরের এই স্টেশন থেকে নেতাজি ভবন বেশ কিছুটা দূরে। তাই স্টেশনের নাম এলাকার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ভবানীপুর’ করার কথা ভাবা যেতে পারে।একইভাবে বেলেঘাটা মেট্রো স্টেশনের নাম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, স্টেশনের অবস্থান এবং নামের মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন। ‘হেমন্ত মুখোপাধ্যায়’ এবং ‘জ্যোতিরিন্দ্র নন্দী’ মেট্রো স্টেশন নিয়েও নাম বদলের প্রস্তাব রয়েছে। নিউ টাউনের ‘স্বপ্ন ভোর’ মেট্রো স্টেশনের নামও এলাকার নামে করার কথা বলেছেন তিনি।
‘রাজপাট’ ফিরছে লালবাড়িতে, রাইটার্স সংস্কারের কাজ করবে আদানি গোষ্ঠী
তবে এই সমস্ত প্রস্তাব এখনও চূড়ান্ত নয়। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তথাগত রায়। তিনি জানিয়েছেন, রাস্তা বা মেট্রো স্টেশনের নাম পরিবর্তন নিয়ে যে কথাগুলি তিনি বলেছেন, সেগুলি তাঁর ব্যক্তিগত চিন্তা। নাম বদলের বিষয়ে রাজ্য সরকার একটি কমিটি তৈরি করেছে। তিনি সেই কমিটির সদস্য হলেও এখনও পর্যন্ত ওই কমিটির কোনও বৈঠক হয়নি। বৈঠক হলে নিজের প্রস্তাব তিনি কমিটির সামনে রাখবেন। এরপর আলোচনা করে কমিটিই সিদ্ধান্ত নেবে।
রাস্তার নাম বদলের পর মেট্রো নিয়েও জল্পনা
এদিকে সম্প্রতি কলকাতার বেশকিছু রাস্তার নাম পরিবর্তন করেছে কলকাতা পুরসভার। এই সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এটি শুধুমাত্র রাস্তার নাম পরিবর্তন নয়, ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংশোধন। (Kolkata Metro Station Name Change)
এই পরিস্থিতিতে রাস্তার পর এবার মেট্রো স্টেশনের নাম বদল নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তবে মহানায়ক উত্তমকুমার, নেতাজি ভবন, বেলেঘাটা বা অন্য কোনও স্টেশনের নাম এখনই বদলে যাচ্ছে না। সরকারি কমিটিতে আলোচনা এবং পরবর্তী সিদ্ধান্তের পরই স্পষ্ট হবে কলকাতার মেট্রো স্টেশনগুলির নামের তালিকায় আদৌ কোনও পরিবর্তন আসে কি না।












2 thoughts on “মেট্রোয় আর থাকবে না ‘মহানায়ক উত্তমকুমার’-‘কবি সুভাষ’! আসছে বড় বদল”