শনিবার হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে হামলার মুখে পড়লেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। অভিযোগ, উত্তরপাড়ার সখের বাজারে তাঁর গাড়ি আটকে পাথর, ডিম ও লোহার রড দিয়ে হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির পিছনের কাচ। এই ঘটনার জেরে শেষ পর্যন্ত সভায় পৌঁছতে পারেননি কুণাল। গাড়ি নিয়ে সোজা ভবানী ভবনে চলে যান তিনি। অন্যদিকে, ঘটনার তীব্র নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। হামলার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
Attack on Kunal Ghosh: উত্তরপাড়ায় গাড়ি আটকে হামলার অভিযোগ
শনিবার বিকেলে শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। সেই সভায় যোগ দিতেই রওনা হয়েছিলেন কুণাল ঘোষ। অভিযোগ, উত্তরপাড়ার সখের বাজার এলাকায় কয়েক জন তাঁর গাড়ির পথ আটকে দাঁড়ান। এরপর গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ও পাথর ছোড়া হয়। লোহার রড দিয়েও গাড়ির কাচে আঘাত করা হয় বলে অভিযোগ। সঙ্গে চলতে থাকে ‘গো ব্যাক’স্লোগান।
কুণালের দাবি, গাড়ির পিছনের কাচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তিনি চালকের পাশের আসনে বসেছিলেন। তাঁর কথায়, তাঁকে লক্ষ্য করেই পাথর ছোড়া হয়। গাড়ির কাচ ভেঙে যাওয়ায় তাঁর শরীরেও কাচের টুকরো লাগে।
যদিও হামলার পরেও দমে যাননি বেলেঘাটার বিধায়ক। ঘটনার পর গাড়ি ঘুরিয়ে সরাসরি ভবানী ভবনে চলে যান কুণাল ঘোষ। সেখানে নিজের গাড়ির ক্ষতিগ্রস্ত অবস্থা পুলিশকে দেখাতে চেয়েছিলেন তিনি। তবে তাঁকে ভবানী ভবনে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ।

কুণাল জানান, এই ঘটনার অভিযোগ তিনি ইতিমধ্যেই উত্তরপাড়া থানায় ইমেল করে জানিয়েছেন। তবে তাঁর বক্তব্য, সাধারণ নাগরিকের মতো রাস্তায় যাওয়ার সময় তাঁর গাড়িতে হামলা হয়েছে। অথচ পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে কুণাল বলেন, এভাবে হামলা চালিয়ে তাঁকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থকদের থামানো যাবে না।
মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্রের হদিস, ৭ এমএম পিস্তল-সহ ধৃত ১
‘গণতন্ত্রে অশনিসঙ্কেত’, বিজেপিকে কটাক্ষ মমতার
অন্যদিকে, এদিন বাড়ি থেকে সভার উদ্দেশে বেরোনোর সময়ই ঘটনার নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপির গুন্ডারাই এই হামলার সঙ্গে যুক্ত। তৃণমূল কর্মীদের সভায় যাওয়া আটকাতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে দাবি করেন তিনি। এই ঘটনাকে গণতন্ত্রের পক্ষে অশনিসঙ্কেত বলেও উল্লেখ করেন তৃণমূল নেত্রী। (Attack on Kunal Ghosh)
যদিও মমতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন ঘটনা ঘটেছে বলে পাল্টা অভিযোগ শাসকদলের।
সব মিলিয়ে, শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। একদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল, অন্যদিকে ঘটনাকে তৃণমূলের অভ্যন্তরীণ বিবাদের ফল বলেই দাবি করছে বিজেপি।












1 thought on “মমতার সভায় যাওয়ার পথে কুণালের গাড়িতে ডিম-পাথর, বিজেপিকে দুষলেন বিধায়ক”
Comments are closed.