শনিবারের পর ফের রবিবারও আক্রান্ত কুণাল ঘোষ। পরপর দু’দিন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের গাড়ি ঘিরে হামলার অভিযোগ। শনিবার শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে ডিম, পাথর ছুড়ে তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার ফের হামলার মুখে পড়ার অভিযোগ তুললেন কুণাল। এদিন বেলেঘাটায় উন্নয়নমূলক কাজ দেখতে যাওয়ার পথে তাঁর গাড়ি ঘিরে ধরে একদল বাইকবাহিনী। গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়, হাতুড়ি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি বিধায়কের। শেষ পর্যন্ত নারকেলডাঙা থানায় ঢুকে আশ্রয় নিতে হয় তাঁকে। সেখান থেকেই ভিডিয়ো করে গোটা ঘটনার কথা জানান কুণাল।
Attack On Kunal Ghosh: শনিবার শ্রীরামপুরে যাওয়ার পথেই হামলা
শনিবার হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। অভিযোগ, উত্তরপাড়ার সখের বাজারে তাঁর গাড়ি আটকে হামলা চালানো হয়। গাড়ি লক্ষ্য করে পাথর, ডিম ও লোহার রড ছোড়া হয় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় গাড়ির পিছনের কাচ। এই ঘটনার জেরে শেষ পর্যন্ত মমতার সভায় পৌঁছতে পারেননি কুণাল। গাড়ি নিয়ে সোজা ভবানী ভবনে চলে যান তিনি।
ঘটনার তীব্র নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। হামলার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই রবিবার ফের হামলার অভিযোগ সামনে এল।
মমতার সভায় যাওয়ার পথে কুণালের গাড়িতে ডিম-পাথর, বিজেপিকে দুষলেন বিধায়ক
রবিবারও গাড়ি ঘিরে হামলা, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি
রবিবার বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে উন্নয়নমূলক কাজের জন্য যাওয়ার পরিকল্পনা ছিল কুণালের। তাঁর দাবি, কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না। সাধারণ উন্নয়নমূলক কাজ দেখতেই বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ির সামনে থেকেই তাঁকে অনুসরণ করা হচ্ছিল বলে অভিযোগ তৃণমূল বিধায়কের।
কুণালের অভিযোগ, ফুলবাগান থেকে নারকেলডাঙা পর্যন্ত বাইকবাহিনী তাঁর গাড়িকে ধাওয়া করে। গাড়ি ঘিরে ধরে হামলার চেষ্টা করা হয়। গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এমনকি দুষ্কৃতীদের হাতে থাকা হাতুড়ি দিয়ে গাড়িতে আঘাত করা হয় বলেও দাবি তাঁর। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখানোর পাশাপাশি প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিধায়ক। (Attack On Kunal Ghosh)
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শেষ পর্যন্ত নারকেলডাঙা থানায় ঢুকে পড়েন কুণাল। সেখানেই বসে ভিডিয়ো করে গোটা ঘটনার কথা জানান তিনি। নিজের পাশাপাশি সহকর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক। তাঁর বক্তব্য, পরপর দু’দিন এই ধরনের ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে এইসব কিছুর পরেও কুণালের স্পষ্ট বার্তা, এভাবে হামলা চালিয়ে বা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাঁকে থামানো যাবে না। শনিবার শ্রীরামপুরে যাওয়ার পথে হামলার অভিযোগের পর রবিবার ফের একই ধরনের অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।












1 thought on “শ্রীরামপুরের পর বেলেঘাটা, পরপর দু’দিন কুণালের গাড়িতে হামলা”
Comments are closed.