এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি। প্রতিবাদ করেছিলেন এক দম্পতি। সেটাই কাল হলো। দলবদল নিয়ে বাড়িতে ঢুকে এক দম্পতিকে বেধড়ক মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চরম আতঙ্কে ঘরছাড়া পরিবার। বারুইপুরের মল্লিকপুর এলাকার ঘটনা। এই ঘটনায়, বারুইপুর থানায় ছয়জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি (Baruipur)।
Baruipur: কী ঘটেছিল?
অভিযোগ, গতকাল বিকেলে সরফুদ্দিন নামে এক ব্যক্তির স্ত্রীকে অশালীন মন্তব্য করেন কয়েকজন। প্রতিবাদ করায় তাঁকে গালিগালাজ ও মারধর করা হয় বলে অভিযোগ। সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীর কাছ থেকে ঘটনা জানতে পারেন সরফুদ্দিন। তারপর স্ত্রীকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের কাছে যান তিনি। প্রতিবাদ জানাতে গেলে ফের তাঁদের গালিগালাজ ও মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ (Baruipur)।
এরপর রাত্রে দলবল নিয়ে সরফুদ্দিনের বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ ওঠে। চুরির অপবাদ দিয়ে মারধর, বাড়ি ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। আক্রান্ত দম্পতি দীর্ঘদিন ধরে তাঁদের এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা এবং অসামাজিক কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় মাদক সিন্ডিকেট ও দুষ্কৃতীরা।
সরফুদ্দিনের দাবি, দুষ্কৃতীরা গভীর রাতে দলবল নিয়ে তাঁদের বাড়িতে বেআইনিভাবে ঢুকে তাণ্ডব চালায়। বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই দম্পতি। আতঙ্কে বাড়ি ছেড়েছেন তিনি। বারুইপুর থানায় ছয়জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন সারফুদ্দিন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।











