কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ স্কুলের মধ্যে গুলির বৃষ্টি। গুলিবিদ্ধ হয়ে নিহত ৪ জন। ৪ জনের মধ্যে ৩ জন শিশু রয়েছে বলে জানা গেছে। আমেরিকার ওরেগন এলাকার একটি স্কুলে এই হামলা হয়েছে বলে খবর। মৃত্যু হয়েছে সন্দেহভাজন হামলাকারীরও এমনটাই জানিয়েছে পুলিশ (America)।
America: কী ঘটেছিল?
এই ঘটনা প্রসঙ্গে বেন্ড পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অন্তত দুজনকে সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং আহতদের মধ্যে শিশুরাও রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের সঙ্গে নিহতদের কোনও সম্পর্ক আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। হামলায় নিহত ৩ পড়ুয়ার বয়স যথাক্রমে ৫, ৮ ও ১১ বছর। এছাড়াও স্কুলের ভিতরেই গুলিতে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৫৪ বছর বয়সি এক শিক্ষক। পুলিশ সূত্রে খবর, হামলাকারীর বয়স ১৬ বছর। ঘটনাস্থলে তারও মৃত্যু হয়েছে (America)।
বেন্ড পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ (স্থানীয় সময়) স্কুলের ভিতরে এই হামলার ঘটনা ঘটে। এরপরই খবর পান পুলিশ আধিকারিকেরা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান তাঁরা। পুলিশ পৌঁছে দেখতে পায় ওই সন্দেহভাজন হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হামলাকারীর। পুলিশ জানতে পেরেছে, এক ব্যক্তি বন্দুক নিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করতে দেখেন। তিনিও হামলাকারীর পিছনে স্কুলে ঢোকেন। তাঁর গুলিতেই মৃত্যু হয়েছে হামলাকারীর।
উল্লেখ্য, আমেরিকার স্কুলে হামলা নতুন কিছু নয়। গত বছরই বিভিন্ন স্কুল মিলিয়ে ২৩৫টি হামলার ঘটনা ঘটে। ফের এই হামলা। তবে, এই হামলা কী কারণে তা এখনও জানা যায়নি। স্কুলের সঙ্গে হামলাকারীর কোনও সম্পর্ক আছে কী না তা নিয়েও কিছু জানাননি পুলিশ।












