রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নেপথ্যে বিষ্ণোই গ্যাং, টাইগার শ্রফের উপর হামলার দায় স্বীকার অনিল পণ্ডিতের

Published on: October 19, 2026
---Advertisement---

মুম্বইয়ে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এই হামলার নেপথ্যে থাকা বলে সন্দেহ করা হচ্ছে গ্যাংয়ের সঙ্গে যুক্ত অনিল পণ্ডিতকে। বিদেশে বসে ভারতে একাধিক হামলা ও তোলাবাজির ঘটনা পরিচালনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। (Tiger Shroff Attack) অন্যদিকে, টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে মুম্বই পুলিশ। ঘটনাস্থলের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হামলায় ব্যবহৃত পালসার মোটরবাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, গুলি চালানোর পর ট্রেনে চেপে এলাকা ছেড়েছে অভিযুক্তরা। (Tiger Shroff Attack)

টাইগারকে হুমকি, সলমনের সঙ্গে কাজ না করার বার্তা

পুলিশ ও তদন্তকারী সূত্রে খবর, টাইগার শ্রফকে লক্ষ্য করে হামলার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে দায় স্বীকার করা হয়েছে। এই ঘটনায় অনিল পণ্ডিত নামে এক ব্যক্তির নাম সামনে এসেছে। সে আমেরিকায় বসে গ্যাংয়ের হয়ে কাজ করে বলে সন্দেহ। (Tiger Shroff Attack) গ্যাংয়ের দাবি, অভিনেতা সলমন খানের সঙ্গে কাজ না করার জন্য টাইগারকে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করায় হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে হামলার পিছনে প্রকৃত কারণ এবং অনিলের ভূমিকা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।

জুহুতে গুলি, আহত চালককে হাসপাতালে নিয়ে যান টাইগার

মুম্বইয়ের জুহুতে একটি ফুটবল মাঠ থেকে বেরোনোর সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই ব্যক্তি। তাদের মধ্যে একজনের মাথায় কালো টুপি ছিল বলে প্রকাশ্যে আসা একটি ছবিতে দেখা গিয়েছে। হামলার পরের একাধিক ভিডিয়োও সামনে এসেছে, যেখানে দেখা যায় অভিনেতার গাড়ির খুব কাছ থেকে চালককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। গুলি চলার পর টাইগার নিজেই তাঁর গাড়ির আহত চালকের আসনে বসে আহত চালককে দ্রুত নানাবতী হাসপাতালে নিয়ে যান। গাড়ি নিয়ে ঘটনাস্থল ছাড়ার পর রাস্তায় রক্তের দাগও দেখা যায়। এই ঘটনায় জুহু থানায় তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৯(১) এবং ৩(৫) ধারার পাশাপাশি অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন তিনি। (Tiger Shroff Attack)

তিনবার হাতবদল হয়েছে মোটরবাইক

তদন্তে জানা গিয়েছে, হামলার পর পালসার মোটরবাইকে চেপে জুহু থেকে আন্ধেরির দিকে পালায় অভিযুক্তরা। পুলিশ বাইকটি বাজেয়াপ্ত করেছে। সেটি মুম্বইয়ের বলেই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। বর্তমানে বাইকটি ডি এন নগর থানায় রাখা হয়েছে। নম্বর প্লেট ও চেসিস নম্বরের সাহায্যে বাইকটির পুরনো নথি পরীক্ষা করা হচ্ছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, বাইকটি আগে তিনবার হাতবদল হয়েছিল। প্রথম মালিক ছিলেন জোগেশ্বরীর বাসিন্দা। তৃতীয় মালিকের কাছ থেকে অভিযুক্তরা বাইকটি কিনেছিল।

আন্ধেরি স্টেশন থেকে ট্রেনে চড়ে পালানোর সন্দেহ

পুলিশ সূত্রে খবর, হামলার পর অভিযুক্তরা আন্ধেরি স্টেশনে যায় এবং সেখান থেকে ট্রেনে চড়ে পালায়। তারা কোথায় গিয়েছে, তা জানতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। মুম্বই থেকে ছেড়ে যাওয়া ট্রেন এবং সরকারি ও বেসরকারি বাসেও তল্লাশি চালানো হচ্ছে। অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। (Tiger Shroff Attack)

হরিয়ানা থেকে আমেরিকা, একাধিক হামলায় নাম অনিলের

৩২ বছর বয়সি অনিল পণ্ডিতের বাড়ি হরিয়ানার পানিপথে। ২০২৩ সালে কানাডায় যায়। পরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত রণদীপ মালিকের সংস্পর্শে এসে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় পৌঁছয়। গত ছয় মাসে ভারতে একাধিক হামলা ও তোলাবাজির ঘটনায় তার নাম উঠে এসেছে। পানিপথের একাধিক গুলিচালনার ঘটনায় তার যোগ থাকার অভিযোগ রয়েছে। দিল্লির পশ্চিম বিহারে গায়ক গুরু রান্ধাওয়ার যাতায়াত করা একটি জিমে গুলি চালানোর ঘটনায়ও তার নাম সামনে আসে। ওই ঘটনায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল সেল চারজনকে গ্রেফতার করে। অভিযুক্তরা সিগন্যাল অ্যাপের মাধ্যমে অনিলের সঙ্গে যোগাযোগ রাখত বলে অভিযোগ। তাদের কাছ থেকে বিদেশি অস্ত্রও উদ্ধার হয়েছিল।

এর প্রায় ১৫ দিন পর পুনের একটি গয়নার দোকানে গুলিচালনার ঘটনায়ও অনিলের নাম উঠে আসে। মহারাষ্ট্র পুলিশ ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে। তাদের সঙ্গে শুভম লোনকারের যোগ থাকার অভিযোগ রয়েছে। হরিয়ানায় গায়ক দিলের খারকিয়ার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাতেও তোলাবাজির অভিযোগে অনিলের নাম সামনে এসেছিল। এদিকে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত রণদীপ মালিক, হ্যারি বক্সার, হরমন সান্ধু, টাইসন বিষ্ণোই এবং শুভম লোনকারের মতো নামও তদন্তকারীদের নজরে রয়েছে। হরমন সান্ধুর বিরুদ্ধে মাদক পাচারের আন্তর্জাতিক চক্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। চলতি বছরের জুনে আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল তাকে গ্রেফতার করে। একই মাসে লস অ্যাঞ্জেলেসে ‘অপারেশন হার্ড বল’-এর মাধ্যমে লরেন্স বিষ্ণোই, জগ্গু ভগবানপুরিয়া এবং রবীন্দর ধান্ডার গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালায় আমেরিকা। টাইগার শ্রফের উপর হামলার তদন্তে এই আন্তর্জাতিক যোগাযোগের দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। (Tiger Shroff Attack)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “নেপথ্যে বিষ্ণোই গ্যাং, টাইগার শ্রফের উপর হামলার দায় স্বীকার অনিল পণ্ডিতের”

Comments are closed.