চোরবাগান দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। উৎসবের আনন্দের মাঝে এমন মর্মান্তিক ঘটনা তাঁকে ব্যথিত করেছে বলে জানিয়েছেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি দেব প্রার্থনা করেছেন, মা দুর্গা যেন সকল ভক্তকে রক্ষা করেন এবং কলকাতার উপর আশীর্বাদ বজায় রাখেন।(Chorbagan Durga Puja Incident) সমাজমাধ্যমে দেব লেখেন, “চোরবাগান দুর্গাপুজোর মণ্ডপে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত দুঃখজনক। যে উৎসব লক্ষ লক্ষ মানুষকে আনন্দ, ভক্তি ও উদ্যাপনের মাধ্যমে একত্রিত করে, সেই উৎসব কখনও এমন দুর্ঘটনা ও শোকের কারণ হওয়া উচিত নয়।” যাঁরা এই ঘটনায় প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
‘আনন্দের উৎসব যেন দুঃস্বপ্ন না হয়’
দেবের কথায়, মা দুর্গা যেন তাঁর সমস্ত ভক্তকে রক্ষা করেন। প্রিয় কলকাতার উপরেও যেন দেবীর আশীর্বাদ থাকে। বাংলার সবচেয়ে বড় উৎসব যেন মানুষের কাছে আনন্দ, বিশ্বাস ও মিলনের উপলক্ষ হয়ে থাকে। কোনওভাবেই যেন তা মানুষের কাছে দুঃস্বপ্ন হয়ে না ওঠে, সেই প্রার্থনাও করেছেন অভিনেতা। (Chorbagan Durga Puja Incident)
চোরবাগান-কাণ্ডে মৃত ১৯, গ্রেফতার ৭
উল্লেখ্য, সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে অতিরিক্ত ভিড়ের জেরে বিপর্যয় ঘটে। বৃষ্টি শুরু হওয়ার পর মণ্ডপে প্রবেশের জন্য হুড়োহুড়ি শুরু হয়। তাতেই ভিড়ের চাপ বাড়ে এবং পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় মৃত ১৯ জন। আহত ২৫ জন। ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন এবং অনিচ্ছাকৃত খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ও ১১০ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।
এলাকায় জমায়েত নিষিদ্ধ, তদন্তে SIT
দুর্ঘটনার পর চোরবাগান সংলগ্ন বউবাজার থানা এলাকার কয়েকটি অংশে নবমী পর্যন্ত জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এই নির্দেশিকা জারি করেছেন। সংশ্লিষ্ট এলাকায় পাঁচ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা জানানো হয়েছে। আহতদের পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তাঁদের চিকিৎসার খরচও বহন করবে রাজ্য সরকার।(Chorbagan Durga Puja Incident)










