পুজোর মরসুম কাটতেই আবহাওয়ার দিকে নজর রাজ্যবাসীর। আগামী কয়েক দিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া? বৃষ্টি কি ফিরবে রাজ্যে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আপাতত বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত রাজ্যের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে অক্টোবরের শেষ দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৭ ও ২৮ অক্টোবর উপকূলবর্তী জেলা-সহ রাজ্যের কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের প্রভাবে এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও নিম্নচাপ তৈরি হয়নি। ফলে বৃষ্টির পরিমাণ ও বিস্তার সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। (Weather Update )
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী তিন থেকে চার দিন মূলত পরিষ্কার আকাশ থাকবে। মাঝে মধ্যে আকাশ আংশিক মেঘলা হতে পারে। আপাতত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। (Weather Update )
২৭-২৮ অক্টোবর বৃষ্টির সম্ভাবনা
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবে ২৭ ও ২৮ অক্টোবর উপকূলবর্তী জেলা এবং রাজ্যের আরও কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হলে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপাতত আগামী ২৬ অক্টোবর পর্যন্ত রাজ্যের কোনও জেলাতেই উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। (Weather Update )
তাপমাত্রায় কি বদল হবে?
আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তবে জায়গাভেদে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে বা বাড়তে পারে। ফলে আগামী কয়েক দিনে তাপমাত্রার খুব বেশি ওঠানামার সম্ভাবনা নেই।
বাতাসের গতিপ্রকৃতিতে পরিবর্তন
উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাস বায়ুমণ্ডলের নিম্নস্তরে প্রবেশ করতে থাকবে। এর ফলে দিনের বেলায় কিছুটা পূবালি হাওয়ার প্রভাব দেখা যেতে পারে। রাতে বাতাসের গতিপ্রকৃতি আগের মতোই থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত রাজ্যের আবহাওয়ার দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর । বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের পরবর্তী গতিপ্রকৃতির উপর নির্ভর করবে বৃষ্টির সম্ভাবনা কতটা বাড়বে। (Weather Update )








