ভারতে স্মার্টফোনের বাজারে বড় ধাক্কা। এক ধাক্কায় অনেকটা কমল স্মার্টফোনের বিক্রির হার। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেশে স্মার্টফোন বিক্রি গত বছরের তুলনায় ২০ শতাংশ কমেছে। গত দশ বছরের মধ্যে এত কম ফোন বিক্রি আগে হয়নি। এদিকে ফোন তৈরির জন্য প্রয়োজনীয় মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় মোবাইলের দামও বেড়েছে। ফলে নতুন ফোন কেনার ক্ষেত্রে পিছিয়ে আসছেন অনেকেই, তাঁরা পুরনো ফোন ব্যবহারকেই বেছে নিচ্ছেন। এই পরিস্থিতিতে দীর্ঘ নয়টি ত্রৈমাসিক পর ফের দেশের স্মার্টফোন বাজারে প্রথম স্থান দখল করল SAMSUNG। কাউন্টারপয়েন্ট রিসার্চের একটি রিপোর্টে উঠে এসেছে এই তথ্য।
রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ভারতের স্মার্টফোন বাজারের ১৭ শতাংশ দখলে রেখেছে SAMSUNG। সংস্থার গ্যালাক্সি এ সিরিজের ফোনের চাহিদা এই সাফল্যের অন্যতম কারণ। অনলাইন এবং দোকান—দুই জায়গাতেই ফোন বিক্রির উপর জোর দিয়েছে সংস্থাটি। অন্য সংস্থাগুলির তুলনায় ফোনের দাম কম বাড়ানোয় ক্রেতাদের কাছেও এই কোম্পানির ফোনের চাহিদা বজায় আছে। (Smartphone Market Down)
অন্যদিকে, বাজার কমেছে VIVO এবং OPPO-র। গত বছর ভারতের স্মার্টফোন বাজারের ২০ শতাংশ ছিল VIVO-র দখলে। এবার তা কমে হয়েছে ১৬ শতাংশ। OPPO বাজারও ১৩ শতাংশ থেকে কমে ১২ শতাংশে দাঁড়িয়েছে। XIAOMI-র দখলে রয়েছে ৮ শতাংশ বাজার। APPLE এর বাজারও ৯ শতাংশ থেকে কমে ৮ শতাংশ হয়েছে। তবে নতুন iPhone 18 pro সিরিজ শুরু থেকেই ভালো সাড়া পাচ্ছে। গত বছরের iPhone 17 সিরিজের তুলনায় এই ফোনের প্রাথমিক বিক্রি প্রায় ২০ শতাংশ বেশি।
দৈনিক ৫০ টাকা আয় থেকে টিকটক, আজ বিপুল সম্পত্তির মালিক ফইজু
বাজারে বাড়ছে ভারতীয় ব্র্যান্ডের চাহিদা
রিপোর্টে আরও জানা যাচ্ছে, বিদেশি সংস্থাগুলির মধ্যে বিক্রি কমলেও ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলি নিজেদের জায়গা বাড়িয়েছে। এআই প্লাস স্মার্টফোনের নেতৃত্বে ভারতীয় ব্র্যান্ডগুলির সম্মিলিত বাজার গত বছরের ৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৫ শতাংশ। এর মধ্যে এআই প্লাসের ফোন বিক্রি এক বছরে বেড়েছে ৩০৬ শতাংশ। নতুন নতুন ফোন বাজারে আনা এবং ক্রেতাদের কাছে পৌঁছনোর কারণেই এই বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।
২০ হাজার টাকার কম দামের ফোনে বড় ধাক্কা
ফোনের দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে কম দামের স্মার্টফোনের বাজার। রিপোর্ট বলছে, ২০ হাজার টাকার কম দামের ফোনের বিক্রি গত বছরের তুলনায় ৪৭ শতাংশ কমেছে। দাম বেড়ে যাওয়ায় অনেক ফোন এখন আগের চেয়ে বেশি দামের বিভাগে পড়ছে। পাশাপাশি, অনেক ক্রেতাই নতুন ফোন কেনার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন। (Smartphone Market Down)
কাউন্টারপয়েন্ট রিসার্চের পূর্বাভাস, হঠাৎ দাম বাড়া এবং ক্রেতাদের চাহিদা কমে যাওয়ার কারণে ২০২৬ সালের শেষে ভারতের স্মার্টফোনের বাজারে মোট বিক্রি প্রায় ১৩ শতাংশ কমতে পারে। এখন দেখার উৎসবের মরশুম এই খরা কিছুটা কাটে কি না।












