বঙ্গোপসাগরের দিকে তাকালেই এখন ঘনাচ্ছে দুর্যোগের আশঙ্কা। ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। তার প্রভাবে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এর জেরে বাংলাতেও ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে। (Weather Update)
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা
আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৪ অক্টোবর পূর্বমধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে ২৫ অক্টোবর অতি-গভীর নিম্নচাপ এবং ২৬ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওডিশা উপকূলের দিকে এগোতে পারে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির প্রভাবে ২৭ অক্টোবর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাতে পারে। দুপুরের পর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও কলকাতার কিছু অংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। (Weather Update)
২৮ ও ২৯ অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা
২৮ অক্টোবর বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ ৭০-১১০ মিলিমিটার হতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
২৮ অক্টোবর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৯ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। রবিবার থেকে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। (Weather Update)
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
পশ্চিমবঙ্গ উপকূলে ২৭ অক্টোবর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ২৬ অক্টোবর থেকে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ২৬ অক্টোবর বিকেলের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। (Weather Update)











