বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা ঘিরে সতর্কতা বাড়ছে। পুজোর মরসুমে আবহাওয়ার এই পরিবর্তন নতুন করে চিন্তা বাড়াচ্ছে উপকূলবর্তী এলাকায়। আগামী কয়েক দিনে শক্তি বাড়িয়ে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার প্রভাবে ২৮ থেকে ৩০ অক্টোবর পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ২৩ অক্টোবর পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। ২৪ অক্টোবর তা গভীর নিম্নচাপ এবং ২৫ অক্টোবর অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ২৬ অক্টোবর সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে আছড়ে পড়তে পারে। (Weather Update)
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ অক্টোবর সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। ২৭ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও কলকাতায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে। ২৮ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। (Weather Update) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ ৭০-১১০ মিলিমিটার হতে পারে। ২৯ অক্টোবর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা
২৭ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। ২৮ অক্টোবর সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ২৯ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বইতে পারে ঝোড়ো হাওয়া।(Weather Update)
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
২৮ থেকে ৩০ অক্টোবর বজ্রপাত, নিচু এলাকায় জল জমা, ফসলের ক্ষতি এবং দার্জিলিং পাহাড়ে ধসের আশঙ্কা রয়েছে। ২৬ অক্টোবর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার, সর্বোচ্চ ৯০ কিলোমিটার হতে পারে। ২৭ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ২৬ অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। (Weather Update)










