রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় রেললাইনের পাশে বিস্ফোরণ। অনুপগড়-সুরতগড় রেলপথের ৫০ জিবি গ্রামের কাছে রেললাইন ধরে রাখা সিমেন্টের দুটি স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার এই ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুটি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। (Rajasthan Railway Blast)
ঘটনাস্থলে পুলিশ ও রেল আধিকারিকরা
পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের জেরে স্তম্ভ দুটির ভিতরের লোহার রড বেরিয়ে এসেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং রেল আধিকারিকরা। উত্তর পশ্চিম রেলের (NWR) মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) জানিয়েছেন, রেল সুরক্ষা বাহিনীর (RPF) কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। সেখানে রেললাইনের দুটি স্লিপার ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান তাঁরা। শ্রীগঙ্গানগরের পুলিশ সুপার হরিশঙ্কর জানিয়েছেন, তিনি, পুলিশ আধিকারিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফরেন্সিক দল এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাঁদের পরীক্ষার পরেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। (Rajasthan Railway Blast)
উদ্ধার হওয়া RDX-এর সঙ্গে যোগ নেই
সম্প্রতি রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় ৭.৫ কেজি RDX উদ্ধার হয়েছিল। এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পুলিশ সুপার হরিশঙ্কর জানিয়েছেন, এখনও পর্যন্ত উদ্ধার হওয়া বিস্ফোরকের সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য, এটি আদৌ বিস্ফোরণের ঘটনা কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ফরেন্সিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। আপাতত ঘটনাস্থল খতিয়ে দেখে সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। (Rajasthan Railway Blast)
বাতিল দুটি যাত্রীবাহী ট্রেন
ঘটনার তদন্ত এবং যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দুটি যাত্রীবাহী ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। রেললাইনের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। (Rajasthan Railway Blast)











