গড়িয়ার ফরতাবাদে লিভ-ইন পার্টনারকে খুনের অভিযোগে ধৃত তরুণী ও তাঁর মাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। মঙ্গলবার সকালে ফরতাবাদের সেই ভাড়া ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় ধৃত সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে। ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক দলের সদস্যরা। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তাঁরা। ঘটনার পুনর্নির্মাণের মাধ্যমে খুনের রাতে ঠিক কী ঘটেছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা (Garia murder)।
Garia murder: সেদিন গড়িয়ার ফ্ল্যাটে কী হয়েছিল?
সূত্রের খবর, অভিযুক্ত তরুণী সঞ্চালিকা বসু ফরতাবাদেরই বাসিন্দা। তিনি টেকনো ইন্ডিয়া ইনস্টিটিউশনে পড়াশোনা করতেন। একই এলাকায় যাতায়াতের সূত্রে সার্থক সরকারের সঙ্গে পরিচয়। পরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়। উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা সার্থক। ফরতাবাদে একটি ফ্ল্যাট ভাড়া নেন তিনি। সেখানে সঞ্চালিকা বসুর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতেন তিনি। সপ্তাহে অন্তত তিন-চার দিন ওই ফ্ল্যাটে থাকতেন যুবক। ফলে প্রতিবেশীদের কাছেও পরিচিত ছিলেন সার্থক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তরুণী সঞ্চালিকার সঙ্গে ফরতাবাদের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন নিহত যুবক সার্থক। সেখানেই শনিবার রাতে দুজনের মধ্যে বিবাদ বাধে। বিবাদ চরম আকারে পরিণত হয়। তদন্তকারীদের অনুমান, চপস্টিকের মতো ছুঁচলো কোনও জিনিস দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে সার্থককে। চুলের কাঁটাও ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ জানতে পেরেছে যে, সঞ্চালিকার মা মৌমিতা বিউটি পার্লারে সাজগোজের সরঞ্জাম সাপ্লাইয়ের কাজ করতেন। ফলে, চুলের কাঁটা ব্যবহার করার তত্ত্বও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। ঘটনায় তরুণীর মা মৌমিতা বসু এই ঘটনায় জড়িত বলে মনে করছে পুলিশ।
একটি অন্য সূত্রের দাবি, সার্থকের সামনে কলেজের ফি দেওয়া নিয়ে মা ও মেয়ের মধ্যে বচসা বাধে। সেই সময় সার্থক তাদের বচসা থামাতে গেলে হাতাহাতি বাধে। সেই থেকেই হামলা।
এই ঘটনায় সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করে পুলিশ। খুনের নেপথ্যে প্রকৃত কারণ এবং ঘটনায় মায়ের ভূমিকা কী ছিল, তা জানতে তরুণীর মাকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী অফিসাররা। ঘটনার পুনর্নির্মাণের মাধ্যমে খুনের রাতে ঠিক কী ঘটেছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ফরেন্সিক রিপোর্ট এলেই তা স্পষ্ট হবে।














