দীপাবলির সাজে নজর কেড়েছে করিনা কাপুর খানের গলার একটি বিশেষ গয়না। বেইজ রঙের কারুকাজ করা পোশাক, মাথায় পাগড়ি আর রাজকীয় গয়না—সব মিলিয়ে উৎসবের সাজে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। তবে তাঁর পোশাকের থেকেও বেশি চর্চায় উঠে এসেছে গলায় থাকা ৩০ ক্যারেটের পান্নার লকেট। এই গয়নার সঙ্গে জড়িয়ে রয়েছে ভোপালের নবাব পরিবারের ইতিহাস। একসময় এই পান্নার মালিক ছিলেন ভোপালের বেগম। বিয়ের পর সেটি আসে করিনার হাতে। (Kareena Kapoor 30-Carat Emerald)
করিনার গলায় ৩০ ক্যারেটের পান্না
সম্প্রতি করিনার এই বিশেষ গয়নার ছবি প্রকাশ্যে আনেন তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুর। জানা গিয়েছে, ৩০ ক্যারেটের পান্নার এই লকেটে খোদাই করা রয়েছে পবিত্র কোরানের আয়াতুল কুরসি। এটি কোরানের দ্বিতীয় অধ্যায় সুরা আল-বাকারার ২৫৫তম আয়াত। গয়নাটি ভোপালের বেগমের ছিল। পরে সইফ আলি খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক ঐতিহ্য মেনে সেটি করিনার হাতে আসে। শুধু পান্নার লকেটই নয়, করিনার মাথার পাগড়িতেও ছিল বিশেষ গয়না। সেখানে লাগানো ছিল প্রায় ২০০ বছরের পুরনো একটি কলগি। এটি ভোপালের নবাব পরিবারের ঐতিহ্যবাহী গয়না। সইফ আলি খানও তাঁদের বিয়ের দিন এই কলগি পরেছিলেন। (Kareena Kapoor 30-Carat Emerald)
রিয়া কাপুর জানান, এই দুই গয়নাই ভোপালের রাজপরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া। সইফের পরিবারের হাত ধরেই গয়নাগুলি এসেছে। সইফের ঠাকুমা সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের কন্যা।
কেমন ছিল করিনা ও সইফের দীপাবলির সাজ?
এবার দীপাবলিতে করিনার পোশাকেও ছিল রাজকীয় ছোঁয়া। ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাপ্তান পরেছিলেন অভিনেত্রী। পোশাকে ছিল খাঁটি রুপোর কাজ। সঙ্গে মানানসই পাগড়ি এবং ভারী গয়না। খোলা চুল, চোখে কাজল ও স্মোকি আই মেকআপ এবং ন্যুড পিঙ্ক লিপস্টিকে সাজ সম্পূর্ণ করেন তিনি। অন্যদিকে, সইফ আলি খানকে দেখা যায় কালো কুর্তা সেটে। সঙ্গে কালো জুতো এবং পরিচ্ছন্ন লুক। তাঁদের বড় ছেলে তৈমুর পরেছিল সিল্কের কুর্তা ও সাদা পায়জামা। ছোট ছেলে জেহর পরনে ছিল লাল সিল্কের কুর্তা ও সাদা পায়জামা।(Kareena Kapoor 30-Carat Emerald)
সব মিলিয়ে পোশাকের চাকচিক্যের পাশাপাশি পারিবারিক ঐতিহ্যের গয়নাতেই এবার দীপাবলির সাজে বিশেষ মাত্রা যোগ করেছেন করিনা।














