শক্তি সঞ্চয়ের প্রক্রিয়া শেষ করে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আগামীকাল, শুক্রবার দুপুরের আগেই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে স্থলভাগে। ল্যান্ডফলের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি ও আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।
Cyclone Akvan: কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আখভান?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঘূর্ণিঝড় আকভানের ল্যান্ডফল হতে পারে। অন্ধ্রপ্রদেশের নারসাপুর এবং ওডিশার পুরীর মধ্যবর্তী কোনও একটি উপকূলীয় অঞ্চলে, অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। সর্বোচ্চ দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১০৫ থেকে ১১০ কিলোমিটার। স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে শক্তি হারাবে ঘূর্ণিঝড়টি।
আজ ও কাল দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি?
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলিতে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সমতল এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার এবং উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
শুক্রবারও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন ঘন বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝে মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা ও হাওড়াতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। (Cyclone Akvan)
শনিবার থেকে সোমবার কেমন থাকবে আবহাওয়া?
শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন ঘন বজ্রপাতের সতর্কতা রয়েছে। তবে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। রবিবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উপকূলীয় এলাকা ছাড়া অন্যত্র ঝোড়ো হাওয়ার বিশেষ দাপট থাকার সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস কী?
ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব উত্তরবঙ্গে পড়ার সম্ভাবনা কম। তবে ঘূর্ণিঝড় থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হওয়া মেঘপুঞ্জের কারণে শুক্রবার মালদা ও দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
শনিবার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
সোমবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার থেকে স্বস্তি, কমবে তাপমাত্রা
ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলে মঙ্গলবার থেকে রাজ্যের আবহাওয়ায় উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। কোনও জেলাতেই উল্লেখযোগ্য বৃষ্টি বা নতুন করে কোনও সতর্কতা জারির সম্ভাবনা নেই। বুধবার রাত থেকে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করতে পারে। অন্যদিকে সোমবার রাত থেকেই উত্তরবঙ্গের সমতল এলাকা ও ডুয়ার্সে সর্বনিম্ন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ, সপ্তাহের শেষ কয়েক দিন বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট থাকলেও আগামী সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে পারে রাজ্যের আবহাওয়া।












