সংসারের সুখ-শান্তি বজায় রাখতে এবং জীবনের বিপদ-আপদ থেকে মুক্তি পেতে মা বিপত্তারিণীর পুজো করেন বহু হিন্দু পরিবারের মহিলারা। বিশ্বাস, দেবীর আশীর্বাদে দূর হয় জীবনের নানা বাধা। সংসারে ফিরে আসে সুখ ও সমৃদ্ধি। তবে এই পুজোর দিন কয়েকটি নিয়ম মেনে চলার পাশাপাশি বিশেষ কিছু কাজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি বা টাকা ধার দেওয়া উচিত নয়। এতে সংসারের আর্থিক পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়। (Bipattarini Puja 2026)
কবে বিপত্তারিণী পুজো?
দেবী দুর্গার ১০৮টি রূপের মধ্যে অন্যতম মা বিপত্তারিণী। তিনি সঙ্কটনাশিনী হিসেবেই পরিচিত। ভক্তদের বিশ্বাস, তাঁর আরাধনা করলে জীবনের নানা বিপদ ও বাধা কাটে। ২০২৬ সালে জুলাই মাসে দু’দিন বিপত্তারিণী পুজোর আয়োজন করা হয়েছে। ১৮ জুলাইয়ের পর দ্বিতীয় দিন হিসেবে ২১ জুলাই পালিত হচ্ছে এই ব্রত। এই উপলক্ষে বিভিন্ন হিন্দু পরিবারে বিশেষ পুজো ও উপবাসের আয়োজন করা হয়। (Bipattarini Puja 2026)
কীভাবে করবেন পুজো?
ব্রত পালনের দিন ভোরে উঠে স্নান করে শুদ্ধবস্ত্র পরার নিয়ম রয়েছে। এরপর আম্রপল্লব ও শিসডাব দিয়ে ঘট প্রতিষ্ঠা করতে হয়। পুজোর উপকরণ হিসেবেও রয়েছে বিশেষ আয়োজন। ১৩টি গিঁট দেওয়া লাল সুতো, ১৩ রকমের ফুল, ১৩ রকমের ফল, ১৩টি দূর্বা, ১৩টি সুপুরি ও পান দিয়ে দেবীর পুজো করা হয়।পুজো শেষ হলে নিরামিষ খাবার খাওয়ার নিয়ম রয়েছে। প্রচলিত রীতি অনুযায়ী, ব্রত পালনকারীরা ১৩টি লুচি ও ১৩ রকমের ফল গ্রহণ করেন। খাওয়ার সময় কথা না বলার বিধিও রয়েছে।
কেন চিনি ও টাকা দেওয়া নিষেধ?
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দান করা উচিত নয়। জ্যোতিষশাস্ত্রের ধারণা অনুযায়ী, এর ফলে শুক্র গ্রহ দুর্বল হতে পারে। সংসারে সুখ-সমৃদ্ধি কমে অভাব-অনটন বাড়তে পারে বলে মনে করা হয়।
একইভাবে এই বিশেষ দিনে কাউকে টাকা ধার দিতেও নিষেধ করা হয়। বিশ্বাস, এতে নিজের আর্থিক সমস্যার আশঙ্কা বাড়তে পারে। তাই সংসারের মঙ্গল ও আর্থিক স্থিতি বজায় রাখার কামনায় বিপত্তারিণী পুজোর দিন এই নিয়মগুলি মেনে চলেন বহু ভক্ত। চিনি বা টাকা দান করলে অমঙ্গল হয় কিংবা শুক্র গ্রহ দুর্বল হয়—এগুলি প্রচলিত ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস। এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। (Bipattarini Puja 2026)













