আমেরিকার ৫০ শতাংশ ট্যারিফের চাপে ভারতীয় রপ্তানি যাতে ধাক্কা না খায়, সেই লক্ষ্যেই নবম বাজেটে একাধিক কৌশলী পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আমদানি শুল্কে ছাড় দিয়ে উৎপাদন খরচ কমানোর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সিদ্ধান্তের জেরে দৈনন্দিন ব্যবহারের বেশ কিছু পণ্যের দাম কমতে পারে।
রবিবার প্রায় ৮৫ মিনিটের বাজেট বক্তৃতায় একাধিক বড় ঘোষণার পাশাপাশি সাধারণ মানুষের নজর ছিল—কোন পণ্য সস্তা হবে, আর কোনগুলির দাম বাড়বে। বাজেটের পর স্পষ্ট হয়েছে, ক্রীড়া সরঞ্জাম, ক্যান্সার ও দূরারোগ্য ব্যাধির ওষুধ, ডায়াবিটিসের ওষুধ, জুতো ও চামড়ার সামগ্রী, মাইক্রোওয়েভ, মোবাইল ফোন, ইভি ব্যাটারি এবং সোলার প্যানেলের মতো পণ্যের দাম কমার সম্ভাবনা প্রবল। এর প্রধান কারণ, এই সব ক্ষেত্রে আমদানি শুল্কে উল্লেখযোগ্য ছাড় ঘোষণা করা হয়েছে, যা দেশীয় শিল্পকে উৎসাহ দেবে।
‘ভবিষ্যতের রোডম্যাপ’, নির্মলার বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিশেষ করে ‘খেলো ইন্ডিয়া’ মিশনের আওতায় ক্রীড়া সরঞ্জামে শুল্কছাড়ের ফলে এই ক্ষেত্রের কর্মসংস্থান ও উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। চামড়ার পণ্যে শুল্কছাড়ের ফলে জুতো, বেল্ট-সহ নানা সামগ্রী সস্তা হতে পারে। স্বাস্থ্যখাতে বড় স্বস্তি—১৭টি ক্যান্সারের ওষুধ এবং ৭টি বিরল রোগের ওষুধে কাস্টমস ডিউটি তুলে নেওয়ায় চিকিৎসার খরচ কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিদেশ ভ্রমণ ও পড়াশোনার ক্ষেত্রেও সুবিধা মিলছে। বিদেশি ট্যুর প্যাকেজ এবং লিবারালাইজড রেমিট্যান্স স্কিমের আওতায় টিসিএস হার ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া মাইক্রোওয়েভের যন্ত্রাংশ, লিথিয়াম-আয়ন ব্যাটারি সেল ও সোলার গ্লাসের কাঁচামালে শুল্কছাড়ের ফলে ইলেকট্রনিক্স ও নবায়নযোগ্য শক্তির পণ্য সস্তা হতে পারে।
তবে সব ক্ষেত্রেই সুখবর নয়। বিলাসবহুল ঘড়ি ও আমদানি করা অ্যালকোহল, সিগারেট ও তামাকজাত পণ্যের দাম বাড়তে পারে এক্সাইজ ও স্বাস্থ্য সেস বৃদ্ধির কারণে। পাশাপাশি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও ডেরিভেটিভ লেনদেনে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বাড়ানোয় বিনিয়োগের খরচও বৃদ্ধি পাবে। কিছু সারের দাম এবং কফি রোস্টিং ও ভেন্ডিং মেশিনের খরচ বাড়ার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা।
জুড়ল বাংলা-গুজরাট, ৭ হাই স্পিড রেল করিডরের ঘোষণা নির্মলা সীতারামনের








