স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রীবাহী ট্রেনে আগুন। রবিবার ভোরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য় ছড়ায় পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশন। স্থানীয় সূত্রে খবর, দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটি। আচমকাই একটি কামরা থেকে ধোঁয়া বার হতে দেখেন যাত্রীরা। পরে আগুনের শিখাও দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় গোটা কামরায়। Fire
এভাবে চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে থাকা ট্রেনের কামরা দেখে সন্ত্রস্ত হয়ে পারেন সকলে। দ্রুত দমকল এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই কামরাটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। তবে আগুন অন্য কামরায় ছড়াতে পারেনি। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, কাটোয়া স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে গতকাল রাতে এসে দাঁড়ায় কাটোয়া-আদিমগঞ্জ ট্রেনটি। আজ সকাল ছয়টা পাঁচ মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল। আজ ভোর সাড়ে চারটে নাগাদ স্টেশনের যাত্রীরা দেখেন, ট্রেনে আগুন জ্বলছে। মাঝের একটি কামরা দাউদাউ করে জ্বলতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। স্টেশনে চত্বরে হুড়োহুড়ি শুরু হয়।
প্রাথমিক সূত্রে খবর, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। আগুনের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ওই বগিটিকে আলাদা করা হয় এবং আগুন নেভানো হয়। কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আচমকা এই অগ্নিকাণ্ডের জেরে ট্রেন পরিষেবা কিছুটা ব্যাহত হয়। কিছু ট্রেন দেরিতে চলতে শুরু করে। আগুন লাগার ঘটনার তদন্ত শুরু করেছে রেল।Fire











