দুপুরের ব্যস্ত সময়। আচমকাই আগুন। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার বেলা প্রায় ১টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল এক জনের। আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। (Deadly Fire In Madhyamgram Rail Station)
স্থানীয় সূত্রে খবর, প্রথমে স্টেশন লাগোয়া একটি মিষ্টির দোকানে আগুন লাগে। রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের ফার্নিচারের দোকান, কাঠগোলা এবং একাধিক খাবারের দোকানে ছড়িয়ে পড়ে। একের পর এক সিলিন্ডার ফাটার শব্দে কেঁপে ওঠে এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আতঙ্কে দোকানপাট ফেলে রাস্তায় বেরিয়ে আসেন ব্যবসায়ী ও ক্রেতারা। (Deadly Fire In Madhyamgram Rail Station)
দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নামে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে অন্তত আট থেকে দশটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। মৃত ব্যক্তি একটি দোকানের কর্মচারী বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। (Deadly Fire In Madhyamgram Rail Station)
রেল লাইনের একেবারে পাশে আগুন লাগায় নিরাপত্তার কারণে আপ ও ডাউন—দুই লাইনেই দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ফলে নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় রেল পরিষেবা। (Deadly Fire In Madhyamgram Rail Station)
ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। বেআইনি ভাবে দোকান বসানো বা সুরক্ষা ব্যবস্থার গাফিলতি ছিল কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। (Deadly Fire In Madhyamgram Rail Station)









