মুম্বইয়ের হিন্দুজা হাসপাতাল চত্বরে চিত্রগ্রহকদের সঙ্গে বিতর্কের অবসান ঘটালেন বলিউড সুপারস্টার সালমান খান। ব্যক্তিগত এক জরুরি পরিস্থিতিকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে চিত্রগ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখা গেল অভিনেতাকে। বুধবার রাতে মুম্বইয়ে আয়োজিত ‘রাজা শিবাজি’ ছবির সাকসেস পার্টিতে এই ঘটনা সামনে আসে। (Salman Khan)
কয়েকদিন আগে মুম্বইয়ের হিন্দুজা হসপিটালে এক ঘনিষ্ঠ ব্যক্তির পরিবারের সদস্যকে দেখতে গিয়েছিলেন সলমন। সেই সময় অভিনেতার গাড়ি প্রথমে ট্র্যাফিক সিগন্যালে আটকে গেলে কয়েকজন চিত্রগ্রহক ছবি তুলতে শুরু করেন। পরে তাঁরা অভিনেতার গাড়িকে অনুসরণ করে হাসপাতাল পর্যন্ত পৌঁছে যান বলেও অভিযোগ ওঠে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে একাধিক ফটোগ্রাফারকে “ভাই, ভাই” বলে চিৎকার করতে এবং ক্রমাগত ছবি তুলতে দেখা যায়। পরিস্থিতিতে বিরক্ত হয়ে পড়েন সলমন। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, তিনি চিত্রগ্রহকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে বলেন, “হাসপাতালে যদি আপনাদের পরিবারের কেউ ভর্তি থাকতেন, তখনও কি এভাবে আচরণ করতেন?”(Salman Khan)
ঘটনার পর সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দেন অভিনেতা। একাধিক পোস্টে সলমন লেখেন, ব্যক্তিগত কষ্টের মুহূর্তকে কেউ যেন বিনোদনের উপকরণ না বানায়। তিনি আরও লেখেন, “৬০ বছর বয়স হয়ে গিয়েছে, কিন্তু লড়তে ভুলিনি।” তাঁর এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়। অনুরাগীদের একাংশ সলমনের পাশে দাঁড়িয়ে হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় ব্যক্তিগত পরিসর বজায় রাখার দাবি তোলেন। (Salman Khan)
এরই মাঝে বুধবার রাতে অভিনেতা রিতেশ দেশমুখের ছবি ‘রাজা শিবাজি’-র সাফল্যের অনুষ্ঠানে হাজির ছিলেন সলমন। সেখানে তাঁকে দেখেই কয়েকজন চিত্রগ্রাহক একসঙ্গে বলতে শুরু করেন, “সরি ভাই, সরি।” প্রথমে সলমন খান মজার ছলে বলেন, “আওয়াজ আসছে না, জোরে বলো সরি।” পরে হাসিমুখেই তাঁদের ক্ষমা করে দেন তিনি। অনুষ্ঠানে অভিনেতাকে রীতেশ দেশমুখের সঙ্গে ছবিও তুলতে দেখা যায়। এমনকি নিজের নিরাপত্তারক্ষীদেরও তিনি নির্দেশ দেন যাতে চিত্রগ্রহকদের বাধা না দেওয়া হয়।
এদিন সলমন খান গোটা ঘটনার নেপথ্য কারণও প্রকাশ্যে আনেন। অভিনেতার কথায়, তাঁর এক ঘনিষ্ঠ ব্যক্তির স্ত্রী অত্যন্ত অসুস্থ ছিলেন। সেই কারণেই তিনি হাসপাতালে গিয়েছিলেন। ওই পরিস্থিতিতে অতিরিক্ত ক্যামেরা, চেঁচামেচি এবং গাড়ি অনুসরণ করার ঘটনায় তিনি মানসিকভাবে আঘাত পেয়েছিলেন বলেও জানান অভিনেতা। তবে শেষ পর্যন্ত বিষয়টি হাসি-মজার মধ্যেই মিটে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, তারকাদেরও ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্তে সম্মান ও গোপনীয়তা প্রাপ্য। (Salman Khan)
স্ক্রিপ্ট নয়, অভিজ্ঞতাই ভরসা! নিজের কাজের ধরন জানালেন সলমন খান












