২০ জুলাই নিট-ইউজি (NEET-UG) প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘সংসদ চলো’ অভিযানের ডাক দিয়েছিল CJP। এই অভিযানে এসে পুলিশের লাঠির ঘাতে আহত হন টেলি অভিনেতা সেহবান আজিম। এমনটাই অভিযোগ করেন তিনি। মুম্বই থেকে আসা তাঁর দুই বান্ধবীকে পুলিশের লাঠিচার্জের হাত থেকে বাঁচানোর সময়ে তিনি নিজে আহত হন বলে দাবি অভিনেতার (CJP Protest)।
CJP Protest: সাক্ষাৎকারে কী বলেন অভিনেতা?
এক সাক্ষাৎকারে অভিনেতা (CJP Protest) বলেন, “দৃশ্যটি অত্যন্ত বেদনাদায়ক। আমি শিক্ষার্থীদের সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে গিয়েছিলাম। মুম্বই থেকে আমার দুই বান্ধবীও সেখানে এসেছিল। পুলিশের লাঠিচার্জের থেকে তাঁদের বাঁচাতে গিয়ে আমিও আঘাত পাই। আমার হাত ফুলে গেছে। আমার হাতে ও পায়ে আঘাত লেগেছে।”
অভিনেতার আরও অভিযোগ, বিক্ষোভকারীরা যন্তর-মন্তরে বিক্ষোভস্থলে পৌঁছানোর আগেই তাঁদের আটকে দেওয়া হয়। সেহবান বলেন, পুলিশ এলাকাটি চারপাশ থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছিল। ফলে লাঠিচার্জ শুরুর আগেই তাঁরা সেখানে আটকে পড়েন। তাঁর দাবি, তাঁদের বিক্ষোভস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, মহিলা ও শিশু সকলের উপরেই নির্বিচারে লাঠি চালাচ্ছিল পুলিশ।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে অভিনেতা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের কয়েকজনের সঙ্গে তিনি কথাও বলেছেন। তিনি বলেন, “প্রতিবাদে অংশ নেওয়া ওই ছেলেমেয়েদের জন্য আমার মন কাঁদে”। পাশাপাশি তিনি আরও বলেন, ট্রেনে-বাসে ট্রাভেল করে অনেক শিক্ষার্থীই বিক্ষোভস্থলে এসে পৌঁছেছিলেন।
অভিনেতা বলেন, “কারও কারও ভালো জুতো কেনার সামর্থ্য টুকুও ছিল না। অনেকেই কেবল হাওয়াই চটি পরেই বিক্ষোভস্থলে এসেছিল। আবার কেউ কেউ বলেন, প্রতিবাদে অংশ নিতে পরিবারের মতামত নিয়ে তবেই বিক্ষোভস্থলে আসতে হয়েছিল। এই পুলিশ তাঁদের ওপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে। তাঁদের অনেকের শরীর থেকেই রক্ত ঝরছিল।”
‘দিল মিল গ্যাঁয়া’, ‘থাপকি প্যায়ার কি’, ‘বেপনাহ’ ও ‘তুঝসে হ্যায় রাবতা’-র মতো বেশকিছু ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা সেহবান আজিম। ২০ জুলাই শিক্ষায় দুর্নীতির প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ডাকা সংসদ অভিযানে অংশ নেন তিনিও। পুলিশের লাঠির ঘায়ে আহত হন।












