বিশ্বাস আর ভক্তির গল্প যে দর্শকের মনে জায়গা করে নিতে পারে, তারই যেন নতুন উদাহরণ ‘হনুমান অংশ’। নিম করোলি বাবাকে নিয়ে তৈরি এই ছবি প্রত্যাশার থেকেও অনেক বেশি সাফল্য পেয়েছে। মাত্র কয়েক কোটি টাকার বাজেটে তৈরি ছবিটি ইতিমধ্যেই ভারতের বক্স অফিসে ২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। আর এই সাফল্যের মাঝেই নিজের পরবর্তী ছবির ঘোষণা করলেন পরিচালক বিশাল চতুর্বেদী। (Vishal Chaturvedi)
সোমবার নিজের নতুন ছবির কথা জানান ‘হনুমান অংশ’-এর লেখক ও পরিচালক বিশাল। তাঁর পরের ছবি হতে চলেছে মহাকবি গোস্বামী তুলসীদাসের জীবনকে ঘিরে। ছবির নাম রাখা হয়েছে ‘রামবোলা’ (RamBola)। প্রযোজনা সংস্থা মহাবীর জৈন ফিল্মস তাদের ইনস্টাগ্রাম পোস্টে এই খবর জানিয়েছে।
রামচরিতমানসের স্রষ্টাকে নিয়ে ছবি
গোস্বামী তুলসীদাস ছিলেন ১৬ শতকের অন্যতম বিখ্যাত বৈষ্ণব সাধক ও কবি। ভগবান রামের প্রতি তাঁর গভীর ভক্তির কথা সর্বজনবিদিত। সাধারণ মানুষের কাছে রামায়ণের কাহিনি আরও সহজে পৌঁছে দিতে তাঁর লেখা ‘রামচরিতমানস’-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবধি ভাষায় লেখা এই মহাকাব্য পরবর্তীকালে ভারতীয় সংস্কৃতি ও ভক্তির ধারায় বিশেষ জায়গা করে নেয়।
তুলসীদাসের জীবন, তাঁর ভক্তি এবং রামের প্রতি তাঁর আধ্যাত্মিক টান—‘রামবোলা’ ছবিতে সেই জগতটাই কীভাবে তুলে ধরা হয়, এখন সেদিকেই নজর।
কে বলে মশলাদার? এই ৬ ভারতীয় খাবার শরীর সুস্থ এবং ঝরঝরে রাখবে
২ কোটির ছবি পেরিয়েছে ২০০ কোটি
এর আগে বিশাল চতুর্বেদী (Vishal Chaturvedi) পরিচালিত ‘হনুমান অংশ’ নিয়ে তেমন বড় প্রত্যাশা ছিল না। মাত্র প্রায় ২ কোটি টাকার বাজেটে তৈরি ছবিটি ৪ অগস্ট শুধু ভারতেই মুক্তি পেয়েছিল। প্রথম দিকে ছবির দৈনিক আয় ছিল কয়েক লক্ষ টাকার মধ্যে। কিন্তু মুক্তির কয়েক দিন পর থেকেই ছবির ব্যবসায় আচমকা গতি আসে।দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ বাড়তে থাকে। ধীরে ধীরে বক্স অফিসে তার প্রভাবও দেখা যায়। শেষ পর্যন্ত সেই ছোট বাজেটের ছবিই এখন ভারতের বাজারে ২০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে।
এ বার ‘হনুমান অংশ’-এর সাফল্যের পর আরও এক ধর্মীয় ও ঐতিহাসিক চরিত্রকে পর্দায় আনতে চলেছেন বিশাল চতুর্বেদী। ফলে ‘রামবোলা’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এ দিকে ‘হনুমান অংশ’-এর তেলুগু সংস্করণ আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা। আশা করা হচ্ছে তেলেগু দর্শকদের মনেও এই ছবি দাগ কাটবেই।












