রথযাত্রা মানেই শুধু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথে চড়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাওয়া নয়। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রী জগন্নাথ ও দেবী মহালক্ষ্মীর এক মধুর মান-অভিমানের কাহিনি। সেই কাহিনিরই পরিণতি রথযাত্রার শেষে জগন্নাথদেবের হাতে রসগোল্লা তুলে দেওয়া, যা আজও পুরীর অন্যতম ঐতিহ্য।
রথযাত্রার দিন জগন্নাথদেব দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে শ্রীমন্দির ছেড়ে গুন্ডিচা মন্দিরে, অর্থাৎ মাসির বাড়িতে যান। সেখানে তাঁরা টানা নয় দিন থাকেন। কিন্তু এই সফরে সঙ্গে নেওয়া হয় না শ্রীমন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মীকে। স্বামীর এই প্রস্থানে নিজেকে অবহেলিত ও একাকী মনে করেন দেবী। (Puri Jagannath Ratha Yatra)
রথযাত্রার পঞ্চম দিনে স্বামীর সঙ্গে দেখা করতে মহালক্ষ্মী গুন্ডিচা মন্দিরে যান। এই তিথি ‘হেরা পঞ্চমী’ নামে পরিচিত। সেখানে পৌঁছে তিনি দেখেন, জগন্নাথদেব আনন্দে সময় কাটাচ্ছেন। সেই দৃশ্য দেখে দেবীর অভিমান আরও বেড়ে যায়। মনে মনে তিনি ঠিক করেন, স্বামীকে এই অবহেলার জন্য শিক্ষা দিতেই হবে।
নয় দিনের সফর শেষে আসে ‘নীলাদ্রি বিজয়’। মহাসমারোহে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা শ্রীমন্দিরে ফিরে আসেন। বড়ভাই বলরাম ও বোন সুভদ্রা সহজেই মন্দিরে প্রবেশ করলেও, জগন্নাথদেব সিংহদ্বারে পৌঁছতেই দেবী মহালক্ষ্মী মন্দিরের মূল দরজা বন্ধ করে দেন। ক্রুদ্ধ দেবী স্বামীকে ভিতরে ঢুকতে দেন না। ফলে জগৎসংসারের অধিপতি জগন্নাথদেবকে টানা তিন দিন মন্দিরের বাইরে থাকতে হয়। শাস্ত্রে দেব-দেবীর এই মধুর মান-অভিমানের ঘটনাকে ‘মানভঞ্জন লীলা’ বলা হয়। (Puri Jagannath Ratha Yatra)
রথযাত্রায় কেন সোনার ঝাঁটা দিয়ে পথ পরিষ্কার করেন পুরীর রাজা? জানুন প্রাচীন রীতির তাৎপর্য
অবশেষে দেবীর রাগ ভাঙানোর জন্য জগন্নাথদেব এক বিশেষ উপায় বেছে নেন। তিনি দেবী মহালক্ষ্মীকে নৈবেদ্য হিসেবে ছানার তৈরি নরম, তুলতুলে রসগোল্লা নিবেদন করেন। মিষ্টির স্বাদ এবং স্বামীর আন্তরিকতায় দেবীর অভিমান গলে যায়। তিনি জগন্নাথদেবকে ক্ষমা করে মন্দিরের দরজা খুলে দেন। এরপরই জগন্নাথদেব পুনরায় শ্রীমন্দিরে প্রবেশ করেন।
এই পৌরাণিক কাহিনিকে স্মরণ করেই প্রতি বছর রথযাত্রার সমাপ্তিতে পুরীতে ‘রসগোল্লা দিবস’ পালিত হয়। প্রেম, অভিমান, বিরহ এবং পুনর্মিলনের এই অনন্য ঐতিহ্য রথযাত্রার অন্যতম আকর্ষণ এবং শ্রীক্ষেত্রের বহু প্রাচীন লোকবিশ্বাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আজও সমানভাবে পালন করা হয়। (Puri Jagannath Ratha Yatra)












1 thought on “রথযাত্রা শেষে মা লক্ষ্মীকে কেন রসগোল্লা খাওয়ান জগন্নাথ? জানুন নীলাদ্রি বিজয়ের পৌরাণিক কাহিনি”