সামনেই ধনতেরাস। এদিন সোনা-রুপো নয় ঝাড়ু কিনলেই ঘুরবে ভাগ্যের চাকা। বাস্তশাস্ত্র বলছে ধনতেরাসে ঝাড়ু কিনলেও সংসারে সুখ আসে। এই দিনে অনেকেই সোনা-রুপো কেনেন সংসারে সুখ-সমৃদ্ধির জন্য। তবে ধনতেরাসে সোনা, রুপো বা বাসনপত্র কেনার পাশাপাশি ঝাড়ু কেনারও একটি বিশেষ রীতি রয়েছে। বিশেষ করে বিগত কয়েক বছর ধরে ঝাড়ু কেনার হিড়িক যেন আরও বেড়েছে। কেন ধনতেরাসে ঝাড়ু কেনা হয়, জানেন? অনেকেই মনে করেন, ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। সংসারে আর্থিক সমৃদ্ধি বাড়ে এবং বাড়ি থেকে দারিদ্র্যতা দূর হয় (Dhanteras)।
Dhanteras: প্রচলিত কিছু ধর্মীয় ব্যাখ্যা
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়। প্রচলিত ধারণা, ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কিনে বাড়িতে আনলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।
ঝাড়ু কেনার অর্থ আপনি দারিদ্র্যকে ঘর থেকে বিদায় করছেন। ধনতেরাসে ঝাঁটা কেনা খুবই শুভ। কারণ বলা হয়, ধনতেরাসে ঝাঁটা কিনলে সমস্ত দুঃখ, দারিদ্র্য চিরদিনের মতো বাড়ি থেকে দূর করে দেওয়া যায়। শান্তস্বভাবা লক্ষ্মী নোংরা অপরিচ্ছন্নতা একদমই পছন্দ করেন না। তাই যে স্থান অপরিষ্কার, সেখানে লক্ষ্মীর চরণ পড়ে না বলে মনে করা হয়। ঝাড়ু যেহেতু আমাদের ঘর পরিষ্কার রাখতে সাহায্য করে, তাই ঝাড়ু কেনার অর্থ অপরিষ্কারকে দূর করা। তাই ধনতেরাসে নতুন ঝাড়ু কেনাকে শুভ বলে মনে করা হয়।
ধনতেরাস থেকেই দীপাবলি উৎসবের সূচনা হয়। এই সময়ে বাড়িঘর পরিষ্কার করে সাজিয়ে তোলার রীতি রয়েছে। নতুন ঝাড়ু কেনা আসলে পুরনো জঞ্জাল সরিয়ে নতুন করে জীবন শুরু করার প্রতীক হিসেবেও দেখা হয়। লোকবিশ্বাস, ধনতেরাসে ঝাড়ু কিনলে সংসারে অর্থের অভাব হয় না। ঘরে লক্ষ্মীর বাস হয় এবং পরিবারের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটে। যদিও এই বিশ্বাসের কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।
কী করবেন না?
অনেকে ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কেনাকে শুভ মনে করেন। তবে ঝাড়ু কেনার সময় কয়েকটি জিনিস মাথায় রাখা দরকার। নতুন বা পুরনো যেকোনও ঝাড়ুই ঘরে এমন জায়গায় রাখা উচিত যাতে বাইরে থেকে আসা কোনও অতিথির চোখে সরাসরি না পড়ে। ঝাড়ুকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়, তাই কখনো ঝাড়ুতে পা ছোঁয়াবেন না বা এটিকে টপকে যাবেন না। ঝাড়ু কখনও দাঁড় করিয়ে রাখবেন না, সবসময় শুইয়ে রাখবেন। দাঁড় করানো ঝাড়ু ঘরে অমঙ্গল ডেকে আনে বলে বিশ্বাস।












1 thought on “সোনা-রুপো নয়, ধনতেরাসে কেন ঝাড়ু কেনা হয়?”
Comments are closed.