বৃহস্পতিবার থেকে অমরনাথ যাত্রার উদ্দেশে রওনা দিলেন পুণ্যার্থীদের প্রথম দল। জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অমরনাথ যাত্রার সূচনা করলেন। ভগবতী নগর বেস ক্যাম্প থেকে কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল— এই দুটি বেস ক্যাম্পের উদ্দেশে রওনা দিলেন পুণ্যার্থীরা। তীর্থ যাত্রার ক্ষেত্রে যাতে পুণ্যার্থীদের কোনও সমস্যা না হয়, তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর ধাপে ধাপে শুরু হবে পুণ্যার্থীদের যাত্রা। এবছর অমরনাথ যাত্রা চলবে টানা ৫৭ দিন। আগামী ২৮ অগাস্ট রাখি পূর্ণিমার দিন এই পবিত্র যাত্রার সমাপ্তি ঘটবে (Amarnath Yatra 2026)।
পুণ্যার্থীদের প্রথম দলে রয়েছেন, ৪,৮২২ জন তীর্থযাত্রী। তার মধ্যে পুরুষদের সংখ্যা ৩,৭০৭ জন, মহিলা রয়েছেন ৪১৬ জন ও শিশুর সংখ্যা ১৬। তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ১০৬টি কনভয় বাস, ৯টি মাঝারি গাড়ি ও ১১১টি ছোট গাড়ি, ৩টি দু-চাকার গাড়ির ব্যবস্থা করা হয়েছে। অনন্তনাগ হয়ে নুনওয়ান-পহেলগাঁও ও বালতাল বেসক্যাম্পে রাখা হবে পুণ্যার্থীদের। শুক্রবার এই দুইটি বেসক্যাম্প থেকেই অমরনাথ যাত্রার উদ্দেশে রওনা হবেন পুণ্যার্থীরা। এবছর তীর্থ যাত্রার জন্য ৩ লক্ষ ৯০ হাজার বেশি পুণ্যার্থী রেজিস্ট্রেশন করেছেন ৷ পাশাপাশি জম্মুতেও অন-দ্য-স্পট রেজিস্ট্রেশন ব্যবস্থাও শুরু হয়েছে (Amarnath Yatra 2026)।
আগামী ২৮ অগস্ট এই দলের যাত্রাপথ শেষ হবে। বৃহস্পতিবার ভগবতী নগর বেস ক্যাম্প থেকে তীর্থ যাত্রীদের রওনার আগে ক্যাম্পে বিশেষ পুজো দেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। এই সূচনা পর্বে তাঁর সঙ্গে ছিলেন, রাজ্য পুলিশের ডিজি নলিন প্রভাত, বিরোধী দলনেতা সুনীল শর্মা, বিজেপি সাংসদ যুগল কিশোর শর্মা, স্থানীয় বিজেপি বিধায়ক ও প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্তারা
আনুষ্ঠানিক এই সূচনার ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। পোস্টে তিনি লেখেন, “হর হর মহাদেবের পবিত্র ধামের উদ্দেশে পুণ্যযাত্রা শুরু হলো ৷ জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে শ্রীঅমরনাথ যাত্রার প্রথম দলকে যাত্রার জন্য রওনা করালাম। শ্রীঅমরনাথজি যাত্রা এক গভীর আধ্যাত্মিক জাগরণ।”
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তীর্থযাত্রীদের কনভয় গুলিকে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি তীর্থযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এলাকায় জোড়দার নজরদারি চালানো হচ্ছে। যাত্রাপথের ধাপে ধাপে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। ২জুলাই থেকে ২৮ অগস্ট পর্যন্ত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ও বিভিন্ন বিধি নিষেধ জারি থাকবে। নিরাপত্তার স্বার্থে ৫৭ দিনের যাত্রাকালীন গোটা রুটকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। ফলে এ বছর হেলিকপ্টার পরিষেবা থাকবে না।








