‘হ্যাঁ’, ‘না’ আবার ‘হ্যাঁ’! রাশিয়া থেকে ভরতের তেল কেনা নিয়ে ট্রাম্পের যেন এক খামখেয়ালি। এবার মার্কিন প্রেসিডেন্ট Donald Trump ভারতের জন্য আবার একটি বিশেষ ছাড় অনুমোদন করেছেন, যার ফলে ভারত সাময়িকভাবে রাশিয়া থেকে তেল কিনতে পারবে। মার্কিন প্রশাসনের মতে, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে জ্বালানি বাজারে তৈরি হওয়া অস্থিরতা কিছুটা স্থিতিশীল করতে এমন সিদ্ধান্ত।
হোয়াইট হাউস জানিয়েছে, ইরানকে ঘিরে চলা সংঘাতের কারণে আন্তর্জাতিক তেল সরবরাহে বিঘ্ন ঘটেছে। সেই পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের ঘাটতি সামাল দিতে ভারতের জন্য এই অস্থায়ী অনুমতি দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন ট্রেজারি দফতর এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, ভারত আগে নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ তেল কেনা বন্ধ করেছিল। তাই যুক্তরাষ্ট্র ভারতকে ‘বিশ্বাসযোগ্য অংশীদার’ হিসেবে দেখছে।
তিনি আরও জানান, বিশ্বজুড়ে তেলের সরবরাহে যে সাময়িক ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ করতেই এই পদক্ষেপ। ফলে আপাতত রাশিয়ার থেকে তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে ভারতকে। মার্কিন প্রশাসন মনে করছে, এই স্বল্পমেয়াদি পদক্ষেপে রাশিয়ার সরকার খুব বেশি আর্থিক সুবিধা পাবে না। বরং এর মূল লক্ষ্য হলো, আন্তর্জাতিক বাজারে তেলের প্রবাহ বজায় রাখা এবং দাম অতিরিক্ত বৃদ্ধিকে আটকানো।
এদিকে ইরানকে ঘিরে চলা সামরিক পরিস্থিতি নিয়েও বক্তব্য জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও নৌক্ষমতার ওপর বড় আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছে, বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী খোলা রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে, যাতে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকে।
সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেই বিশ্ব জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখতে ভারতের জন্য রুশ তেল কেনায় এই সাময়িক ছাড় মার্কিন প্রশাসনের। তবে এটি ঠিক কতটা সুদূরপ্রসারী হবে তা সময়ই বলে দেবে।












