মুম্বই-ভাদোদরা হাইওয়েতে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ-তরুণী। মহারাষ্ট্রের বদলাপুরের কাছে রবিবার ভোররাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োকে কেন্দ্র করে। অভিযোগ, দুর্ঘটনার ঠিক আগে একটি বিলাসবহুল BMW গাড়ি ঘণ্টায় ২৫১ কিলোমিটার গতিতে ছুটছিল। সেই ভিডিয়ো এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে খতিয়ে দেখছে পুলিশ। (Badlapur BMW Crash)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর প্রায় ৩টা নাগাদ টিটওয়ালা থেকে বদলাপুরের দিকে যাচ্ছিল BMW গাড়িটি। প্রাথমিক তদন্তে অনুমান, অত্যন্ত বেশি গতিতে চলার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি প্রথমে রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে এবং তারপর একাধিকবার পাল্টি খায়। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে বিলাসবহুল গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর দীর্ঘ এলাকা জুড়ে গাড়ির বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে। (Badlapur BMW Crash)
মৃতদের পরিচয় হিসেবে যোগেশ দিঘে এবং রিকেবা জ্যাকবের নাম সামনে এসেছে। দু’জনেই বদলাপুরের বাসিন্দা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। গাড়িতে থাকা তৃতীয় ব্যক্তি আনন্দ গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন। তাঁকে থানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁর চিকিৎসা চলছে। (Badlapur BMW Crash)
এদিকে সোশ্যাল ভিডিয়ো ছড়িয়ে পড়া ভিডিয়োটি নিয়ে জোর তদন্ত শুরু হয়েছে। ভাইরাল ক্লিপে দেখা যায়, কয়েকজন যুবক একটি আবাসিক এলাকা থেকে গাড়ি নিয়ে বের হচ্ছেন। পরে হাইওয়েতে ওঠার পর দ্রুতগতিতে ছুটতে শুরু করে BMW টি। ভিডিয়োটির একাংশে স্পিডোমিটারে ২৫১ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি দেখা যাচ্ছে বলেই দাবি করা হচ্ছে। গাড়ির ভিতরে তখন জোরে গানও বাজছিল। তবে ওই ভিডিয়োটি আদৌ দুর্ঘটনার আগে একই যাত্রাপথে রেকর্ড করা হয়েছিল কি না, তা যাচাই করছে পুলিশ। পাশাপাশি ভিডিয়োটি উৎস এবং সত্যতা সম্পর্কেও বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে। এই ঘটনার পর ফের একবার বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিপদ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। (Badlapur BMW Crash)
বিহারের গ্রামে লাঠিচার্জের শিকার পঙ্কজ ত্রিপাঠীর ভাই, তদন্তে পুলিশ










