---Advertisement---
lifezone nursing home

Holi Celebration: দেশরক্ষার মাঝে একটু আনন্দ, ১৪ হাজার ৩০০ ফিট উচ্চতায় হোলিতে মাতলেন জওয়ানরা

March 4, 2026 6:04 PM
Holi celebration
---Advertisement---

হোলিতে হালকা শীতের আমেজ থাকে বটে, তবে সে ঠান্ডা খুব একটা গায়ে লাগে না। দুপুরের চড়া রোদ মাথায় নিয়েও রঙের উৎসবে গা ভাসান সবাই। কিন্তু কয়েক হাজার ফুট উঁচু পাহাড়ে হাড়কাঁপানো ঠান্ডায় হোলি খেলেছেন কখনও? হ্যাঁ এরকমই এক ভিন্ন স্বাদের রঙের উৎসবে মাতলেন ITBP জওয়ানরা।

লাদাখের হাড়কাঁপানো ঠান্ডা, চারপাশে বরফ আর তুষারের চাদর। সেই জমাট বাঁধা প্রাকৃতিক পরিবেশের মধ্যেই এ বছর এক অন্যরকম হোলির ছবি সামনে এল। চিন সীমান্তের কাছে অবস্থিত বিখ্যাত প্যাংগং লেকের ধারে প্রায় ১৪,৩০০ ফুট উচ্চতায় রঙ খেললেন Indo-Tibetan Border Police (আইটিবিপি)-র জওয়ানরা। সাধারণত যেখানে তাঁদের দিন কাটে কড়া নজরদারি আর সীমান্ত পাহারার দায়িত্বে, সেখানেই একদিনের জন্য রঙে-আবিরে মেতে উঠলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যায়— বরফে ঢাকা জমির উপর দাঁড়িয়ে জওয়ানরা একে অপরকে রঙ লাগাচ্ছেন, গান বাজছে, কেউ নাচছেন, কেউ হাসিমুখে শুভেচ্ছা জানাচ্ছেন।Holi Celebration

উল্লেখ্য, শুধু জওয়ানরাই নন, আশপাশের গ্রামের মানুষজনও এই আনন্দে সামিল হন। কেন্দ্র সরকারের Vibrant Villages Programme–এর আওতায় থাকা সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারাও উপস্থিত ছিলেন এইদিন। ছোট ছোট বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান আর স্থানীয় পরিবেশনা পুরো পরিবেশটাকে আরও প্রাণবন্ত করে তোলে।

সবচেয়ে অবাক করার বিষয়, ওই এলাকায় তাপমাত্রা অনেক সময় শূন্যের অনেক নিচে নেমে যায়। চারদিকে বরফ জমে থাকে, হ্রদের জলও জমে শক্ত বরফ হয়ে যায়। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও উৎসবের আনন্দে কোনও ভাটা পড়েনি।

লাদাখের এই প্রত্যন্ত সীমান্ত এলাকায় দাঁড়িয়ে জওয়ানদের হোলি উদযাপন যেন একটা রঙিন বার্তা দেয়। হ্যাঁ হয়তো অনেকদিন বাড়ি ফেরেননি ওঁরা, অনেক উৎসবে পরিবারে পাশেও থাকতে পারেন না, তবুও কঠিন দায়িত্বের ফাঁকেও একটু আনন্দ, একটু রঙই তাঁদের বেঁচে থাকার, নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের জন্য রসদ যোগায়।

এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে অনেকেই জওয়ানদের সাহস ও মানসিক শক্তির প্রশংসা করেছেন। বরফের দেশেও যে রঙের উষ্ণতা ছড়িয়ে পড়তে পারে, প্যাংগং লেকের ধারের এই হোলিই তার প্রমাণ।Holi Celebration


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment