নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই বড় পদক্ষেপের পথে হাঁটল কেন্দ্রের এনডিএ সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর আইন আনার খসড়া বিলে অনুমোদন দিয়েছে। সরকারি সূত্রে খবর, নতুন সংশোধিত আইনে দোষীদের দীর্ঘ কারাদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার সাজাও রাখা হয়েছে।
NEET UG Paper Leak Bill: কঠোর শাস্তির পথে কেন্দ্র
সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, ‘দ্য পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪’-এ সংশোধন এনে নতুন বিল কার্যকর করা হবে। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁসে দোষী সাব্যস্ত হলে ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ড হবে। প্রয়োজন হলে সেই সাজা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।শুধু কারাদণ্ডই নয়, সুপরিকল্পিতভাবে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে আর্থিক জরিমানাও অনেক বেশি করা হচ্ছে। নতুন বিলে ন্যূনতম ১ কোটি এবং সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে। সরকারের দাবি, বিপুল অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের কারবার বন্ধ করাই এই আইনের মূল লক্ষ্য। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের স্বার্থ সুরক্ষার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।
প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই পদক্ষেপ
উল্লেখ্য, এর আগেরদিন রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ভিডিয়ো প্রকাশ করে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর আইন আনার আশ্বাস দেন। তাঁর সেই ঘোষণার পরই শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত বিলের খসড়া অনুমোদন করা হয়। সূত্রের খবর, আগামী সোমবার সংসদে এই বিলটি পেশ করা হতে পারে।
টাইফয়েডে আক্রান্ত CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক সমর্থকদের
সোনম ওয়াংচুকের অনশন ভাঙা, সরকারের সঙ্গে সিজেপির বৈঠক
বৃহস্পতিবার গভীর রাতের ঘটনার পর সমাজকর্মী সোনম ওয়াংচুক কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার হাত থেকে চিকেন স্যুপ খেয়ে অনশন ভাঙেন। পরে শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব বিরোধীরা
এদিনও রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত থাকে। কংগ্রেস-সহ বিরোধী দলগুলির পাশাপাশি CJPও একই দাবি তোলে। বৈঠকে শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবির পাশাপাশি নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যেসব পড়ুয়ারা আত্মহত্যা করেছেন তাঁদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়।
শিক্ষামন্ত্রীর পাশে সরকার
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিভিন্ন মহল থেকে ইস্তফার দাবি উঠলেও ধর্মেন্দ্র প্রধানের পাশে আপাতত ঢাল হয়ে দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় সরকার। অতীতের মতো এবারও বিরোধীদের চাপের মুখে তাঁকে পদত্যাগ করতে বলা হবে না বলেই মনে করা হচ্ছে। তবে আন্দোলনকারীরা ও তাদের জায়গা থেকে নড়ছে না। তাঁদের দাবি যতক্ষণ না শিক্ষামন্ত্রী পদত্যাগ করছেন ততক্ষণ তাদের আন্দোলন চলতে থাকবে। এই আবহে ভবিষ্যতে আর ঠিক কী কী পদক্ষেপ নেয় সরকার সেদিকেই তাকিয়ে সকলে।










