‘কাজ নেই, শুধু প্রশ্ন’, বিরোধীদের খোঁচা দিতে গিয়ে নিজের নতুন ‘নারাজ ফুফা জি’ তকমা আরও এক বার সামনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার গুজরাটের বরোদায় প্রায় ৩৫ হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মঞ্চ থেকেই বিরোধীদের নিশানা করেন তিনি। উন্নয়নের খতিয়ান তুলে ধরে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের কাজের সঙ্গেও তুলনা টানেন প্রধানমন্ত্রী। (PM Narendra Modi)
অনুষ্ঠানে ২,৮০০ কিলোমিটার দীর্ঘ ডেডিকেটেড ফ্রেট করিডরকে ২১ শতকের অন্যতম ঐতিহাসিক সাফল্য বলে উল্লেখ করেন মোদি। তাঁর দাবি, ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সময়ে এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত প্রকল্পটির কাজে তেমন অগ্রগতি হয়নি।
এই প্রসঙ্গেই সমালোচকদের কটাক্ষ করে মোদি বলেন, “কেউ কেউ প্রশ্ন তুলবেন, ফ্রেট করিডর তৈরি হলে ট্রাক চালকদের কী হবে?” তখনই ব্যঙ্গ করে বলেন, “নারাজ ফুফা জি” এবার কাজ পেয়ে গিয়েছেন। তবে তাঁর দাবি, এই করিডরের মাধ্যমে দেশের এমন বহু জায়গায় রেল যোগাযোগ পৌঁছচ্ছে, যেখানে স্বাধীনতার এত বছর পরেও সেই সুবিধা ছিল না।
প্রধানমন্ত্রী বলেন, দেশের নিজস্ব সাপ্লাই চেন শক্তিশালী করা এবং আত্মনির্ভর ভারত গড়াই এই ধরনের প্রকল্পের অন্যতম লক্ষ্য। তাঁর দাবি, ২০১৪ সালের পর দেশে ৫০ হাজার আধুনিক রেল কোচ তৈরি হয়েছে। অন্যদিকে, আগের সরকার ১০ বছরে ৫০ হাজার শৌচালয়ও তৈরি করতে পারেনি বলে কটাক্ষ করেন তিনি।
হিন্দুদের অনুষ্ঠানে মহিলা কর্মীদের সরিয়ে রাখার অভিযোগ, বন্ধ আইফেল টাওয়ার
মোদি আরও বলেন, ভারত এখন নতুন উৎপাদন যুগে প্রবেশ করছে। ‘চিপ থেকে শিপ’—সব ক্ষেত্রেই দেশে উৎপাদন বাড়ানোর দিকে জোর দেওয়া হচ্ছে। (PM Narendra Modi)
উল্লেখ্য, ‘নারাজ ফুফা জি’ শব্দবন্ধটি সম্প্রতি মোদির রাজনৈতিক আক্রমণের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। গত সপ্তাহে দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সের শতবর্ষের অনুষ্ঠানেও এই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন তিনি। সেখানেও ভারতের ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধির পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলা সমালোচকদের নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী।












