দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ভয়াবহ ঘটনার পর এখন আলোচনায় ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর। বিমানের কো-পাইলটের ছুরির আঘাতে গুরুতর আহত হয়েও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। পরে অস্ত্রোপচার করা হয় স্মিতের। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। তবে এই ঘটনার বাইরেও দীর্ঘ অভিজ্ঞতা এবং দক্ষতায় ভরা তাঁর কর্মজীবনই এখন সকলের আলোচনার বিষয়।
Smit Machchhar: কে এই স্মিত মচ্ছর?
৯,৭৫০ ঘণ্টার উড়ানের অভিজ্ঞতাস্মিত মচ্ছর ফ্লাইদুবাইয়ের বোয়িং ৭৩৭ বিমানের ক্যাপ্টেন হিসেবে কাজ করছেন ২০২২ সালের জুন মাস থেকে। তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, বোয়িং ৭৩৭-৮০০ এবং ৭৩৭ ম্যাক্স ৮ ও ৯ বিমান মিলিয়ে তাঁর মোট উড়ানের অভিজ্ঞতা প্রায় ৯,৭৫০ ঘণ্টা।ফ্লাইদুবাইয়ে যোগ দেওয়ার আগে দীর্ঘ ১১ বছর মুম্বইয়ে স্পাইসজেটের সঙ্গে কাজ করেছেন স্মিত। সেখানে ধীরে ধীরে নিজের অভিজ্ঞতা বাড়িয়ে সিনিয়র কমান্ডার হন।
২০২০ সালের নভেম্বর থেকে তিনি লাইন ট্রেনিং ক্যাপ্টেনের দায়িত্বও পালন করেন। এই পদে অন্য পাইলটদের প্রশিক্ষণ দেওয়া এবং তাঁদের দক্ষতা মূল্যায়নের কাজ করতে হয়।স্পাইসজেটে থাকাকালীন পাইলট-ইন-কমান্ড হিসেবে তাঁর অভিজ্ঞতাও ছিল ৬,৪০০ ঘণ্টার বেশি। পরে ফ্লাইদুবাইয়ে তিনি ‘ডাইরেক্ট এন্ট্রি ক্যাপ্টেন’ হিসেবে যোগ দেন। অর্থাৎ, অন্য কোনও বিমান সংস্থায় আগে থেকেই ক্যাপ্টেন হিসেবে কাজ করা অভিজ্ঞ পাইলটকে সরাসরি ক্যাপ্টেন পদে নিয়োগ করার সুযোগই হলো ডাইরেক্ট এন্ট্রি।
মুম্বইয়ের ছেলে, কর্মসূত্রে দুবাই
স্মিত মচ্ছর মুম্বইয়ের ঘাটকোপার ইস্টের বাসিন্দা। কাজের সূত্রে তিনি দুবাইয়ে থাকতেন। তাঁর শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে ওয়েলিংকর ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি। ২০০৭ থেকে ২০০৮ সালের মধ্যে তিনি এই পড়াশোনা শেষ করেন। তাঁর অনলাইন প্রোফাইলে কোথায় বিমান চালানোর প্রশিক্ষণ নিয়েছেন, সেই তথ্য অবশ্য উল্লেখ নেই।
বিমান চালানো তাঁর পরিবারের সঙ্গেও জড়িয়ে রয়েছে। স্মিতের ভাইও বিমান চালান। তিনি আকাসা এয়ারের পাইলট।
ছুরির আঘাতেও হাল ছাড়েননি, ১৭৪ প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় ক্যাপ্টেন স্মিত
এই দীর্ঘ অভিজ্ঞতাই ফ্লাইদুবাইয়ের ওই বিমানে ঘটে যাওয়া ঘটনায় স্মিতের ভূমিকা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে। গুরুতর আহত অবস্থাতেও তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। ঘটনার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁকে ‘সত্যিকারের হিরো’ বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর সাহসের প্রশংসা করেছেন।
যদিও ঘটনায় আহত স্মিত বর্তমানে স্থিতিশীল। অন্যদিকে, বিমানের কো-পাইলটকে সৌদি কর্তৃপক্ষ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। তবে তাঁর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।












2 thoughts on “জীবনের ঝুঁকি নিয়ে বাঁচান ১৭৪ জনকে, কে ক্যাপ্টেন স্মিত মচ্ছর?”
Comments are closed.