শুধু খেলার মাঠে নয়, এবার পরিবেশ রক্ষাতেও বড় পদক্ষেপ নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চলতি আইপিএল ২০২৬-কে সামনে রেখে এই ফ্র্যাঞ্চাইজির নতুন ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘রানস টু রুটস’ (Runs to Roots) কর্মসূচি। এই উদ্যোগের অংশ হিসেবেই সম্প্রতি কলকাতায় সুভাষ সরোবর লেক পার্কে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করলেন KKR-এর সহ-কর্ণধার জুহি চাওলা।
এই ‘রানস টু রুটস’ উদ্যোগ অনুযায়ী, ২০২৬ সালের IPL-এ KKR বাইশ গজে যত রান করবে, প্রতিটি রানের জন্য ১০টি করে গাছ লাগানো হবে। অর্থাৎ, মাঠে ব্যাটারদের প্রতিটি রান সরাসরি পরিবেশ সংরক্ষণের অংশ হবে। KKR-এর তরফের এই পদক্ষেপ খেলার সঙ্গে পরিবেশকে মিলিয়ে দেওয়ার এক অভিনব উপায়।
গত কয়েক বছরে KKR-এর উন্নয়নের এই পথচলা ক্রমশ বিকশিত হয়েছে। ২০১৭ সালের ‘Plant a 6’ অভিযান থেকে শুরু করে এবার ‘Runs to Roots’ এক নয়া সংকল্প। সুন্দরবন অঞ্চলে ৬,০০০-এরও বেশি বৃক্ষরোপণ থেকে শুরু করে, বিগত মাত্র দুটি IPL মরসুমে কলকাতা জুড়ে ৪,৬৬৯টি গাছ লাগানো পর্যন্ত KKR-এর বিভিন্ন উদ্যোগ প্রশংসনীয়।

এই উদ্যোগ সম্পর্কে জুহি চাওলা বলেছেন, ‘ক্রিকেট আমাদের দেশে শুধুমাত্র একটি খেলার চেয়ে অনেক বেশি কিছু। এটি অনেক মানুষের জীবনধারার অংশ এবং ক্রিকেটের মানুষের জীবনে স্থায়ী প্রভাব সৃষ্টি করার ক্ষমতাও রয়েছে। KKR বিশ্বাস করে যে খেলাধুলার মধ্যে পরিবর্তন আনার শক্তি রয়েছে। ‘রানস টু রুটস’-এর মাধ্যমে আমরা ক্রিকেটপ্রেমীদের এনার্জিকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যতের জন্য একটি স্থায়ী প্রভাব তৈরি করছি। এই উদ্যোগটি বছরের পর বছর ধরে যেভাবে তৈরি হয়েছে এবং মানুষকে অনুপ্রাণিত করেছে, তা নিয়ে আমরা অত্যন্ত গর্বিত।’
এই নতুন প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তারা ক্রিকেট জগতে KKR এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে চায়। তরুণ প্রজন্মকে এই উদ্যোগে যুক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে তারা প্রকৃতি সংরক্ষণে সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত হয়।
সব মিলিয়ে, ‘রানস টু রুটস’ উদ্যোগ একটি সামাজিক বার্তা, পরিবেশ এবং ক্রিকেটকে এক সুতোয় বেঁধে দেওয়ার এক অভিনব কায়দা।











