এবারের আইসিসি টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে পৌঁছানোর পর থেকেই সমর্থকদের মধ্যে উত্তেজনার পাশাপাশি এক আতঙ্কের ছবি দেখা যাচ্ছিল। কারণ একটাই, সেই Narendra Modi Stadium। এই মাঠেই ২০২৩ সালের ODI বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল ভারত। তাই আমেদবাদের এই স্টেডিয়ামকে যেন এক অভিশপ্ত আখ্যান দিয়েছিলেন সবাই। কিন্তু জানেন কি এই মাঠেই বড়ো বড়ো রেকর্ড গড়েছে ভারতীয় দল।
ইডেন গার্ডেন্সের পর এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামই ভারতের একমাত্র স্টেডিয়াম যেটি আইসিসি ODI বিশ্বকাপ এবং টি ২০ বিশ্বকাপ দুটিরই ফাইনাল আয়োজন করেছে। কাজেই সেদিক থেকে এই ভেন্যুটি খুবই গুরুত্বপূর্ণ।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি–২০ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের রেকর্ড বেশ শক্তিশালী। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়ামে ভারত একাধিক উল্লেখযোগ্য রেকর্ড গড়েছে। আজকের এই ম্যাচ এই মাঠে টি২০ ফরম্যাটে ভারতের খেলা ১১তম ম্যাচ হতে চলেছে। যার মধ্যে এই টুর্নামেন্টেই দুটি ম্যাচ খেলেছে ভারত। একটি গ্রুপ পর্বে নেদারল্যান্ডের বিরুদ্ধে এবং অপরটি সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সব মিলিয়ে এই ভেন্যুতে ভারতের ঝুলিতে ৭ জয় ও ৩ হার রয়েছে। (Narendra Modi Stadium)
এই মাঠে টি২০ আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত ভারতের সর্বোচ্চ দলগত স্কোর ২৩৪/৪। ২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই বিশাল রান তোলে ভারত। সেই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ৬৩ বলে অপরাজিত ১২৬ রান করেন শুভমন গিল, যা এই মাঠে টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
এই স্টেডিয়ামেই টি২০ আন্তর্জাতিক ম্যাচে ভারতের পক্ষে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। তিনি এখানে ৬টি ম্যাচে মোট ২৫৮ রান করেছেন।
বোলিংয়ের ক্ষেত্রেও এই মাঠে ভারতের একটি বড় রেকর্ড রয়েছে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই এই মাঠে সেরা বোলিং পারফরম্যান্স করেছেন হার্দিক পান্ডিয়া। সেই ম্যাচে ১৬ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি , যা এই মাঠে টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলিং পারফরম্যান্স।
আবার পরিসংখ্যান বলছে, এই মাঠে প্রথমে ব্যাট করা দল সাধারণত সুবিধা পায়। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর প্রায় ১৮২ রান, আর দ্বিতীয় ইনিংসে গড় স্কোর প্রায় ১৫২। এখন পর্যন্ত টি২০ আন্তর্জাতিক ম্যাচে এখানে ৯ বার প্রথমে ব্যাট করা দলই জিতেছে, আর রান তাড়া করে জয় এসেছে ৫ বার। কাজেই টসে যারা জিতবে তাদের কাছে একটি বাড়তি সুবিধা থাকবে বলেও মনে করছেন অনেকে।
সব মিলিয়ে বলা যায়, আহমেদাবাদের এই বিশাল স্টেডিয়ামে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ রেকর্ড রয়েছে। তাই বড় ম্যাচের আগে এই মাঠে ভারতের পরিসংখ্যান দলকে বাড়তি আত্মবিশ্বাস দিতেই পারে। (Narendra Modi Stadium)












