আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ২০২৬-২৭ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। নতুন পরিচালন ব্যবস্থায় এ বারও লিগের দায়িত্ব রয়েছে ক্লাবগুলির গোষ্ঠীর হাতে। ইতিমধ্যেই লিগের CEO-র নাম ঘোষণা করা হয়েছে। এ বার চূড়ান্ত হলো ISL-এর সম্প্রচার সংস্থার নামও। সূত্র অনুযায়ী, টেলিভিশনে আইএসএল সম্প্রচারের স্বত্ব আনুষ্ঠানিক ভাবে পেয়েছে জি (Zee) নেটওয়ার্ক। আর ডিজিটাল মাধ্যমে ম্যাচ দেখা যাবে ইউটিউবে। ফলে আলাদা কোনও OTT অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না ফুটবলপ্রেমীদের।
ISL Broadcast Partner: এবার পূর্ণাঙ্গ লিগের লক্ষ্য
গত মরশুমে ISL-এর দীর্ঘদিনের আয়োজক FSDL আচমকা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় বড় সমস্যায় পড়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর মধ্যস্থতায় শেষ পর্যন্ত কোনওমতে লিগ আয়োজন করা সম্ভব হয়। তবে সেই মরশুমে সিঙ্গল লেগ ফরম্যাটে ISL হয়েছিল। এ বার অবশ্য পূর্ণাঙ্গ লিগ আয়োজনের লক্ষ্য নিয়েই এগোচ্ছে নতুন পরিচালন ব্যবস্থা।
প্রাথমিকভাবে ১৪টি দলকে নিয়ে লিগ শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে তৈরি হয়েছে সমস্যা। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা অর্থ জমা দিতে পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ফলে ২০২৬-২৭ মরশুমে ISL-এ খেলতে পারছে না ডায়মন্ড হারবার। ফেডারেশনের তরফে জানানো হয়েছে, লিগ টেবিলে ডায়মন্ড হারবারকে নীচের দিকে রাখা হবে।
শিশুকে হেনস্থা করলেই নিস্তার নেই, সরাসরি সরকারকে জানাবে Google
মোট ১৬৩ ম্যাচ, লড়াই লিগ শিল্ড ও কাপের জন্য
এবারের ISL-এ মোট ১৬৩টি ম্যাচ খেলা হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল পাবে লিগ শিল্ড। এরপর পয়েন্ট টেবিলের সেরা ছয়টি দলকে নিয়ে হবে নকআউট পর্ব ও প্লে-অফ। সেই পর্বের ফাইনালের পরই নির্ধারিত হবে ISL কাপ চ্যাম্পিয়ন। (ISL Broadcast Partner )
আর সম্প্রচারের ক্ষেত্রেও এবার ফিরছে জি স্পোর্টস। টেলিভিশনে ম্যাচ দেখার পাশাপাশি ইউটিউবেও ডিজিটাল স্ট্রিমিংয়ের ব্যবস্থা থাকছে। তবে ইউটিউবে ম্যাচগুলি বিনামূল্যে দেখা যাবে কি না, সেই বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। ফলে ১০ অক্টোবর লিগ শুরু হওয়ার আগেই ISL-এর মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্প্রচার নিয়েও তৈরি হয়েছে নতুন আগ্রহ।












