গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান(Yusuf Pathan)-এর শ্বশুর-সহ তিন আত্মীয়। মুম্বইয়ের ভাইকালা এলাকায় একটি সামান্য ঘটনাকে কেন্দ্র ঝামেলা হয়। সেখান থেকে ইউসুফ পাঠানের আত্মীয়রা আক্রমণ করেন বলে অভিযোগ। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে স্থানীয় বাসিন্দা ইউসুফ খান (৩০) বাড়ি ফিরছিলেন। রাস্তার জল জমে থাকা একটি গর্তে গাড়ি পড়ায় সেই জল ছিটকে পড়ে শোয়েব খান নামে এক ব্যক্তির গায়ে, যিনি প্রাক্তন ক্রিকেটারের আত্মীয় বলে দাবি। এরপরই শুরু হয় বচসা। অভিযোগ, ইউসুফ খান ক্ষমা চাইলেও পরিস্থিতি শান্ত হয়নি। অভিযোগ, শোয়েব খান বাঁশ দিয়ে গাড়ির কাচ ভেঙে দেন এবং শারীরিকভাবে হামলা চালান।(Yusuf Pathan)
এরপর বাড়িতে ফিরে থানায় অভিযোগ জানাতে বেরোলে ফের পথ আটকানো হয় ইউসুফ খান ও তাঁর পরিবারকে। অভিযোগ, তখনই (Yusuf Pathan) ইউসুফ পাঠানের শ্বশুর খালিদ খান ও তাঁর ছেলে উমরশাদ খান, শোয়েব খান, শেহবাজ পাঠান মিলে দ্বিতীয় দফায় হামলা চালায়। বাঁশ ও বেসবল ব্যাট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
এই হামলায় ইউসুফ খানের ভাই সলমনের হাত ভেঙে যায় এবং তার কাকা জাকি আহমেদ গুরুতর আহত হন।
ঘটনার ভিত্তিতে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে, যদিও আরও এক অভিযুক্ত এখনও পলাতক। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং উদ্ধার হওয়া অস্ত্রের ভিত্তিতেই গ্রেফতারি হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১১৮(২), ১১৫(২), ৩২৪, ৩৫২, ৩৫১(২) এবং ৩(৫) ধারায় মামলা জারি করা হয়েছে। ধৃতদের আদালতে পেশ করা হলে তাদের পুলিশ হেপাজতে পাঠানো হয়েছে।












