ব্যস্ত রাস্তা দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিলেন এক ই-রিকশা চালক। হঠাৎ কোনও পূর্বাভাস ছাড়াই মাঝরাস্তায় থেমে গেল গাড়ি। ইঞ্জিন বা ব্যাটারির কোনও যান্ত্রিক সমস্যা নয়, কয়েক সেকেন্ডের মধ্যেই জানা গেল দূরে দাঁড়িয়ে থাকা কেউ মোবাইল ফোনের একটি অ্যাপ ব্যবহার করেই বন্ধ করে দিয়েছে ই-রিকশাটি। এমনই একের পর এক ঘটনার অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। শেষ পর্যন্ত অপব্যবহারের অভিযোগে অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে সাতটি মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। (E-Rickshaw Bluetooth Apps)
সরকারি সূত্রে জানা গিয়েছে, BAT BMS, SMART BMS, LOSSIGY, Epoch Li-ion-সহ মোট সাতটি অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অ্যাপগুলি মূলত লিথিয়াম-আয়ন ব্যাটারির Battery Management System (BMS) নিয়ন্ত্রণের জন্য তৈরি হলেও, দিল্লিতে এগুলির অপব্যবহার করে ই-রিকশা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। ব্লুটুথের মাধ্যমে কাছাকাছি থাকা ব্যাটারির সঙ্গে সংযোগ স্থাপন করে মাত্র একটি ট্যাপেই গাড়ির ব্যাটারি ‘ডিসচার্জ’ মোডে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। ফলে চলন্ত ই-রিকশা আচমকাই বন্ধ হয়ে মাঝরাস্তায় আটকে পড়ছিল। (E-Rickshaw Bluetooth Apps)
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY)-এর সচিব এস কৃষ্ণন জানিয়েছেন, বিষয়টি নজরে আসার পরই দ্রুত পদক্ষেপ করা হয়েছে। CII Cybersecurity Summit-এর ফাঁকে NDTV Profit-কে তিনি বলেন, অভিযোগ পাওয়া মাত্র সংশ্লিষ্ট অ্যাপগুলি অ্যাপ স্টোর থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে জনস্বার্থের পক্ষে ক্ষতিকর হতে পারে এমন অ্যাপ যাতে সহজে প্ল্যাটফর্মে জায়গা না পায়, সে বিষয়েও অ্যাপ স্টোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে কেন্দ্র। (E-Rickshaw Bluetooth Apps)
যদিও অনেকেই বিষয়টিকে ‘প্র্যাঙ্ক’ বলে প্রচার করছিলেন, বাস্তবে এর খেসারত দিতে হচ্ছে ই-রিকশা চালকদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন বহু চালক। অনেকের কাছেই স্মার্টফোন নেই বা ওই অ্যাপ ব্যবহারের জ্ঞানও নেই। ফলে স্থানীয় মেকানিকের দ্বারস্থ হয়ে দিনের রোজগার হারাতে হচ্ছে তাঁদের। সংবাদ সংস্থা ANI-কে সমাজমাধ্যমের কনটেন্ট নির্মাতা আমান সিদ্দিকি জানান, এমনই এক চালকের সঙ্গে তাঁর দেখা হয়েছিল, যিনি শুধুমাত্র এই ধরনের দুষ্টুমির শিকার হয়ে সেদিনের সম্পূর্ণ উপার্জন হারিয়েছিলেন। এই ঘটনাগুলির পরই কেন্দ্র দ্রুত হস্তক্ষেপ করে সংশ্লিষ্ট অ্যাপগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়।(E-Rickshaw Bluetooth Apps)
আরও পড়ুন :- বিরাটদের IPL জয়কে সম্মান, বিশেষ RCB Edition ফোন আনছে Nothing











